সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ দিনে সরকারের অগ্রগতি তুলে ধরলেন উপদেষ্টা

news-image
নিজস্ব প্রতিবেদক : সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ১০টি মন্ত্রিসভা বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে শ্রমিকরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে একটি মহল বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি জানান, কুষ্টিয়ার মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় মাত্র ২৯ কার্যদিবসে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যা দ্রুত বিচার নিশ্চিত করার একটি নজির। এছাড়া আলোচিত তনু হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে শনাক্ত করার তথ্যও তুলে ধরেন তিনি।

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরাইল ব্যতীত’ শব্দ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন। তার ভাষ্য, জাতীয় স্বার্থ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকিং ও রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার, দুর্নীতিবিরোধী অভিযান এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে এবং ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বলেও দাবি করেন তিনি।

দেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর নির্মাণের প্রস্তুতি চলছে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানানো হয়।

স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে রয়েছে হামের টিকাদান কর্মসূচি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, বিমানবন্দর ও ট্রেনে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই চালু এবং তরুণদের জন্য নতুন ক্রীড়া কার্যক্রম।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন