রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

news-image

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় পাঁচজন, দিনাজপুরে তিনজন, যশোরে চারজন, ফরিদপুরে একজন ও গাজীপুরে একজন মারা গেছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থানাধীন শিমুলিয়া এলাকার শিয়ালডাঙ্গি দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার যাওয়ার পথে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ২৫০ শয্যার জেরনারেল হাসপাতালে পাঠালে এক নারী পথেই মারা যান এবং চিকিৎসাধীন আরও একজন মারা যান। এতে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫) ও খোকসা উপজেলার কমলাপুর গ্রামের জুনায়েদ আহাম্মেদ এর ছেলে নাবিল (২৮) এবং রবিতোস সাহা। অপর দুই নিহত পুরুষের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল। খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস উল্টে খাদে পড়ে যায়। এই ঘটনায় এক নারীসহ মোট চারজন মারা যান।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া, আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হোসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় আনা ছয়জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। বাকি তিনজন পুরুষ ও এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর ঘোড়াঘাট আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) ও নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, এ সময় মোটরসাইকেলের তিনি আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। একইসঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

যশোর

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী (৭০) এবং সুমন সাহার ছেলে সৌবিক সাহা (৪)।

আহতরা হলেন—ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার চার বছর বয়সী শিশু সৌভিক সাহা এবং মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যান ও ইজিবাইকসহ তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী ও আরোহী বৃষ্টি সাহা প্রাণ হারান। এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী এবং সৌবিক সাহা মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত একজনের চিকিৎসা চলছে এবং তারও অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে মহাসড়ক পার হয়ে উত্তর পাশে যাচ্ছিলেন খোকন ব্যাপারী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মহাসড়কের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা দেখে বাসটি সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভাধীন গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আর. করিম বলেন, শনিবার ভোরে গোয়ালবাথান এলাকায় মহাসড়কে চলন্ত একটি ট্রাকের পেছনে মালবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে অপর একটি যাত্রবাহী বাস পিকআপের পেছনে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের ভেতরে থাকা চালক মারা যান ও সহকারী গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজনের দেওয়া খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর