ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স শিক্ষাকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার আহ্বান
শেখ মো: কামাল উদ্দিন : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদরাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা সময়োপযোগী বিশেষ উদ্যোগ বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। ফাজিল অনার্স পর্যায়ের কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনার জোর দেন তিনি। ভিসি বলেন, অধিভুক্ত মাদরাসাসমূহের ফাজিল অনার্স শিক্ষা কার্যক্রমকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার মাধ্যমে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
গত শনিবার (০২ মে ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল অনার্স স্তরের ১০৮টি মাদরাাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা ও মূল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। বহু শিক্ষার্থী শ্রেণিতে অংশগ্রহণ না করলেও পরীক্ষায় অংশ নেয়, যা নিয়ে অধ্যক্ষগণের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া আবশ্যক। এভাবে প্রকৃত আলেম তৈরি করা সম্ভব নয়। মানসম্মত আলেম তৈরিতে অধ্যক্ষগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাদরাসা শিক্ষার্থীরা অনেকেই উচ্চ শিক্ষার জন্য সৌদি আরব, মিশর ও তুরস্কসহ বিশ্বের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী। তারা যেনো এ সুযোগ থেকে বঞ্চিত না হয় সেভাবেই তাদের গড়ে তুলতে হবে। এছাড়াও মাদরাসা শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও আকর্ষণীয় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগদানের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষার মান দু’টোই বৃদ্ধি করা সম্ভব|

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, মাদরাসাগুলোর সেশনজট কমাতে দ্রুত পরীক্ষা গ্রহণ ও সনদ বিতরণ কার্যক্রম ত্বরান্বিত রাখতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তর নিয়মিতভাবে কাজ করছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ও পরিক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বারবার বাড়াতে হয় যার ফলে পরীক্ষা গ্রহণে কিছুটা বিলম্ভিত হয়। এ ক্ষেত্রে অধ্যক্ষগণের আরও সহযোগিতা চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অধিভুক্ত ফাজিল অনার্স স্তরের মাদরাসার অধ্যক্ষগণ সভায় অংশগ্রহণ করেন|
পরে ফাজিল ৩ বছর মেয়াদী ২০২০, কামিল ২ বছর মেয়াদী ২০২০, মাস্টার্স ১ বছর মেয়াদী ২০২৩ ও ০৪ বছর মেয়াদী ২০২৩ সালের অনার্সের মূল সনদ ও নম্বরপত্র উপস্থিত অধ্যক্ষগণের নিকট বিতরণ করেন; ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।











