ঈদে অতিথি আপ্যায়ন
সকাল থেকেই শুরু হয় ঈদ খাবারের আয়োজন। নিজের বাড়ি বা অন্যের বাড়ি, খাবারের কমতি থাকে না কোথাও। ঈদের দিন দুপুরে বা রাতে আর যা-ই রান্না করুন, পোলাও, কোরমা আর সেমাই রাখতেই হয়, নাহলে কেমন যেন অসম্পূর্ণ লাগে। এ আয়োজনে পরিচিত পদগুলোর পাশাপাশি রাখতে পারেন নতুন কিছু স্বাদ।
.jpg)
সাদা পোলাও উইথ মুঠি কাবাব
উপকরণ
পোলাওয়ের জন্য: পোলাওয়ের চাল ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা রসুন বাটা ২ চা চামচ, দারুচিনি এলাচ তেজপাতা ৬-৭টি, গুঁড়া দুধ আধা কাপ, ঘি ৩ টেবিল চামচ, তেল আধা কাপ, পানি ২ লিটার, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো।
কাবাবের জন্য: চিকেন কিমা ১ কাপ, পাউরুটি ১ পিস, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, আদা রসুন বাটা ২ চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ।
প্রণালি
পোলাওয়ের জন্য প্রথমে চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর হাঁড়িতে তেল ও ঘি গরম করে দারুচিনি এলাচ দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে চাল দিয়ে দিতে হবে। আদা রসুন দিয়ে ভালো করে চাল কষিয়ে নিতে হবে। তারপর পানি ও গুঁড়া দুধ, লবণ, কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করতে হবে। পানি শুকিয়ে এলে ১০ মিনিট দমে রাখতে হবে। কাবাবের জন্য কিমার সঙ্গে সব মসলা মিক্স করে কাবাবের মতো বানিয়ে হালকা তেলে ভেজে নিতে হবে। এবার পোলাওয়ের সঙ্গে কাবাব দিয়ে পরিবেশন করতে হবে।

বাটা মসলায় বিফ কষা
উপকরণ
বিফ ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টক দই দুই টেবিল চামচ, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, ধনিয়া বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, মরিচ বাটা ২ চা চামচ, হলুদ বাটা ২ চা চামচ, বড় এলাচ ১টি, দারুচিনি, এলাচ, লবঙ্গ ৬-৭টি করে, তেজপাতা ২টি, টমেটো সস ২ চা চামচ, চিনি সামান্য, তেল আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, পানি প্রয়োজনমতো।
প্রণালি
হাড়সহ গরুর মাংস পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে বাটা মসলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর লবণ ও টক দই ফেটিয়ে দিয়ে কষাতে হবে, গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করতে হবে। মাংস কষানো হলে পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস সেদ্ধ হলে পানি শুকিয়ে এলে সস দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

চিকেন রোস্ট
উপকরণ
মুরগি ১ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, পোস্ত দানা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি এলাচ তেজপাতা ৫-৬ টি, জায়ফল ও জয়ত্রি বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ প্রয়োজনমতো, টমেটো সস ২ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৮ টি, চিনি ১ চা চামচ, লিকুইড দুধ ২ কাপ।
প্রণালি
প্রথমে চার টুকরো করে নেওয়া মুরগির মাংস লবণ ও গোলমরিচ সামান্য আদা রসুন বাটা মেখে হাঁড়িতে তেল গরম করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হলে তুলে রেখে ওই তেলের মধ্যে গরম মসলা দিয়ে বাটা মসলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর টক দই ফেটিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো দিয়ে আবার কষিয়ে দুই কাপ লিকুইড দুধ দিতে হবে, সঙ্গে কাঁচা মরিচ দিতে হবে। তারপর টমেটো সস ও গুঁড়া দুধ এবং ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে মাখামাখা হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

মিক্সড সবজি
উপকরণ
মুরগির হাড় ছাড়া মাংস ১ কাপ, আদা রসুন বাটা ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, বাটার ২ চা চামচ, ক্যাপসিকাম ১ কাপ, গাজর আধা কাপ, ব্রকলি ১ কাপ, পেঁপে আধা কাপ, বরবটি আধা কাপ, আলু আধা কাপ, বাঁধাকপি এক কাপ, সয়া সস ২ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ।
প্রণালি
প্রথমে সবজিগুলো হাফ বয়েল করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে। মুরগির মাংসের সঙ্গে গোলমরিচ গুঁড়া লবণ আদা রসুন বাটা ও সয়াসস মিক্স করতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে মিক্স করা মাংস দিয়ে নেড়েচেড়ে ৫ মিনিট রান্না করতে হবে। তারপর পেঁয়াজগুলো ও সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে কাঁচা মরিচ দিয়ে ১ কাপ পানির সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সবজির সঙ্গে দিতে হবে। ঘন হলে চিনি ও বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

ঝুরা সেমাই
উপকরণ
লম্বা সেমাই ২০০ গ্রাম, নারিকেল আধা কাপ, লিকুইড দুধ ১ কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, চিনি ১ কাপ, ঘি আধা কাপ, বাদাম কিশমিশ প্রয়োজনমতো, লবণ এক চিমটি।
প্রণালি
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে দারুচিনি ও এলাচ দিয়ে লম্বা সেমাইগুলো দিয়ে দিতে কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হলে নারিকেল দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। চিনি ও লিকুইড দুধ দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর গুঁড়া দুধ দিয়ে ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
.jpg)
সানরাইজ মোকটেল
উপকরণ
তরমুজের রস ২ কাপ, মালটার রস দুই কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, সুগার সিরাপ ৩ টেবিল চামচ, সোডা ওয়াটার আধা কাপ, পুদিনা পাতা একমুঠো, লেবু স্লাইস করা ৫-৬ টুকরা, বরফ কুচি প্রয়োজনমতো।
প্রণালি
প্রথমে একটি গ্লাস নিয়ে পুদিনা পাতাও স্লাইস লেবু এবং কিছু বরফ কুচি দিতে হবে এরপর গ্লাসের অর্ধেক মালটার রস দিতে হবে তার ওপরে সুগার সিরাপ দিয়ে লেবুর রস দিতে হবে। তারপর সোডা ওয়াটার এবং তরমুজের রস দিতে হবে। গ্লাসের নিচের অংশে সূর্যের লাল রং হয়ে উপরের দিকে হালকা শেড হবে একদম সানরাইজের মতো। এরপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে।











