রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুন পর্যন্ত উচ্চ সুদের ইঙ্গিত

news-image

নতুন মুদ্রানীতি ঘোষণা ২৯ জানুয়ারি

জিয়াদুল ইসলাম
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আসন্ন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান বজায় রাখার দিকেই ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বেড়েছে। এ পরিস্থিতিতে এখনই নীতি সুদহার কমানোর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় ব্যাংক। ফলে আগামী জুন পর্যন্ত ব্যাংক ঋণের সুদহার কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এর পাশাপাশি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ও পরে বিভিন্ন খাতে বাড়তি চাহিদার চাপ তৈরি হতে পারে- এই বাস্তবতাও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার সিদ্ধান্তকে আরও কঠিন করে তুলছে। এসব বিবেচনায় জানুয়ারি-জুন সময়ের জন্য প্রণীত নতুন মুদ্রানীতিতেও আগের মতোই কড়াকড়ি বহাল থাকার আভাস মিলছে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের এই মুদ্রানীতি আগামী ২৯ জানুয়ারি ঘোষণা করা হবে। এর আগে ২৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নীতিটি অনুমোদনের কথা রয়েছে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে জিডিপি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য। এসব লক্ষ্য সামনে রেখে চলতি অর্থবছরের শেষ ছয় মাসের মুদ্রানীতি প্রণয়নের কাজ এগিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যবসায়ী, অর্থনীতিবিদ, ব্যাংকারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতও নেওয়া হয়েছে।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যের মধ্যে আসেনি। ফলে আগের ধারাবাহিকতায় কঠোর

অবস্থান ধরে রাখাই হবে আসন্ন মুদ্রানীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. এজাজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে নীতিতে বড় পরিবর্তন আনলে বাজারে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা আবার মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিতে পারে। তার মতে, নতুন মুদ্রানীতির মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্থিতিশীলতা নিশ্চিত করা। সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যা ইতিবাচক অগ্রগতি হলেও এখনও কাক্সিক্ষত মাত্রায় নামেনি। তাই সুদের হার, তারল্য ব্যবস্থাপনা ও মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান বজায় রাখা জরুরি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন ড. আহসান এইচ মনসুর। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিন দফায় নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি বৈদেশিক বিনিময় হারে স্থিতিশীলতা আনতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। এর ফলে মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার পাশাপাশি বিনিময় হারেও কিছুটা স্থিতিশীলতা আসে এবং ডলার সংকট কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফেরে। তবে মূল্যস্ফীতি এখনও কাক্সিক্ষত মাত্রার ওপরে থাকায় কঠোর নীতিই বহাল রাখার ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বিনিয়োগে গতি আনার চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণে ঋণপ্রবাহ বাড়ানোর মতো কোনো শিথিল নীতির পথে আপাতত যাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। বরং মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসা পর্যন্ত কড়াকড়ি অবস্থান ধরে রাখাকেই নিরাপদ মনে করছেন নীতিনির্ধারকরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যও এই সতর্ক অবস্থানকে সমর্থন করছে। গত বছরের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। ডিসেম্বরে আরও বেড়ে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৪৯ শতাংশ। বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখনও ৯ শতাংশের কাছাকাছি রয়েছে।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী বলেন, মূল্যস্ফীতি বেশি থাকলে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করাই প্রচলিত পদ্ধতি, যার প্রধান হাতিয়ার নীতি সুদহার। তবে বাংলাদেশের ক্ষেত্রে মূল্যস্ফীতির বড় কারণ কেবল চাহিদাজনিত নয়; বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সরবরাহ শৃঙ্খলে সিন্ডিকেটের প্রভাবও দায়ী। তাই মুদ্রানীতির পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন না হলে শুধু সুদহার বাড়িয়ে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, শুধু রেপো হার নয়, সুদের হার করিডরের অন্যান্য সূচকেও বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ঊর্ধ্বসীমা, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) নিম্নসীমা এবং ওভারনাইট রেপো হার প্রায় অপরিবর্তিতই রাখা হচ্ছে। ফলে ব্যাংক ঋণের সুদহার আপাতত কমার সম্ভাবনা নেই। বাংলাদেশ ব্যাংকের মতে, মূল্যস্ফীতি ধীরে ধীরে ৭ থেকে ৮ শতাংশের মধ্যে নামিয়ে আনতে পারলে উৎপাদন ব্যয় কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে বলেই মনে করছেন নীতিনির্ধারকরা।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল