রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বেপরোয়া বিএসএফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হয় গতকাল বুধবার। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই ঘটনা। কিন্তু এখনও এই হত্যাকাণ্ডের বিচার পায়নি তার পরিবার। বাংলাদেশ-ভারত সীমান্তে বন্ধ হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি-নির্যাতন ও বেপরোয়া আচরণ।

ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিকালে মঙ্গলবার রাত ১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হন। শুধু গুলি নয়, গত ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তের ওপারে ভারতের বিএসএফের হাতে আটক হন রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি। আটকের কিছুক্ষণ পরই তিনি মারা যান। নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। মৃতের বুক, হাত-পা ও গালে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে।

২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু সীমান্তের এর প্রতিফলন দেখা যায়নি।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন নির্যাতনের ফলে মারা যান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল ২০২৪ সালে ৩০, ২০২৩ সালে ৩১, ২০২২ সালে ২৩ এবং ২০২১ সালে ১৮।

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি রনি মিয়া বিএসএফের গুলিতে আহত হন মঙ্গলবার রাত ১টার দিকে। উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। রনি মিয়া ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি। এ সময় তাদের দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে

লুটিয়ে পড়েন। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল এগিয়ে যায়। এ সময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালানকালে বিএসএফের গুলিতে মো. রনি গুলিবিদ্ধ হয়েছেন। ১৫ দিন আগেও তিনি একইভাবে গুলিবিদ্ধ হন।

রবিউলের দেহে ছয় স্থানে আঘাতের চিহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তের ওপারে ভারতের বিএসএফের হাতে আটক হওয়ার পর রবিউল ইসলামের দেহে ছয় স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে এই তথ্য জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শামসুল আলম। তিনি বলেন, আঘাতগুলো লাঠির নয়, তবে এসব আঘাতেই মৃত্যু হয়েছে কিনা বা অসুস্থতার কারণে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

গত ৪ জানুয়ারি রবিউল ভারতীয় ভূখণ্ডে আটক হন। আটকের কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরের দিন সোমবার রাতের দিকে বিএসএফ তার লাশ ফেরত দেয় এবং দাবি করে, মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। রবিউল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নেজাবুল ইসলামের ছেলে।

জেলা হাসপাতালের ময়নাতদন্তকারীর তথ্য অনুযায়ী, মৃতের বুক, হাত-পা ও গালে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিএসএফের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানানো হবে।

এদিকে ফতেপুর সীমান্ত এলাকায় পরিদর্শন ও কম্বল বিতরণ করতে গিয়ে বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, সীমান্তে গুলির পরিবর্তে বিএসএফ বিকল্প উপায়ে বাংলাদেশিদের হত্যা করছে কিনা, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেনÑ দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) এবং মো. মমিন আলী (২৫)। ঘটনার সময় সঙ্গে থাকা অন্য দুজন হলেন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু। তাদের একজন ভারতের ভেতরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে। অপরদিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছেন এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

মহেশপুর সীমান্তে এক দশকে ৩৬ বাংলাদেশি নিহত

ঝিনাইদহ (মহেশপুর) প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। বাংলাদেশ-ভারত সীমান্তের এ উপজেলায় গত এক দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ও নির্যাতনে অন্তত ৩৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই সময়ে সীমান্ত এলাকায় মারধরের ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, বিশ্বের পঞ্চম দীর্ঘতম বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৮ কিলোমিটার অংশ মহেশপুর উপজেলায় অবস্থিত। এর মধ্যে প্রায় ৬৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় ১২ কিলোমিটার সীমান্ত এখনো উন্মুক্ত রয়েছে। বাংলাদেশ অংশে যাদবপুর, শ্যামকুড়, নেপা, কাজীরবেড় ও স্বরূপপুর ইউনিয়ন সীমান্তবর্তী এলাকা। অপরদিকে ভারতের অংশে রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী এবং উত্তর ২৪ পরগনা জেলা।

স্থানীয়দের অভিযোগ, বাঘাডাঙ্গা, মাইলবাড়িয়া, স্বরূপপুর, খোসালপুর ও শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতের বিভিন্ন বিএসএফ ক্যাম্প এলাকায় বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্ত অতিক্রমের অভিযোগ কিংবা সন্দেহের বশে বিএসএফ সদস্যরা গুলি চালান বলে দাবি করেন তারা।

গত ৩ নভেম্বর ভোরে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাউলি গ্রামের বাসিন্দা আবদুর রহিম। পরিবারের সদস্যদের ভাষ্য, ভারতের নদীয়া জেলার ধানতলী থানার হাবাসপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেন।

গত কয়েক বছরে নিহতদের মধ্যে রয়েছেন বাঘাডাঙ্গা গ্রামের আলম মিয়া, নয়ন মণ্ডলের তিন ছেলে ফজলুর রহমান, আবু সালেহ ও লিপু হোসেন, খোসালপুর গ্রামের সোহেল ও রাশিদুল, যাদবপুর গ্রামের জাহিদুল ইসলামসহ বিভিন্ন গ্রামের অনেকে।

সূত্র জানায়, ২০১৪ সালের জুলাই মাসে মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। এর আগে এই দীর্ঘ সীমান্ত পাহারার দায়িত্বে ছিল যশোরের ৪৯ ও চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির একটি সূত্র জানায়, ৫৮ ব্যাটালিয়ন স্থাপনের পর সীমান্ত হত্যার ঘটনা কিছুটা কমেছে। টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং সন্ধ্যার পর শূন্যরেখায় যাতায়াত রোধে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি রয়েছে। স্থানীয়দের গরু-ছাগল সীমান্তের কাছে না চরানো এবং ভারতের অভ্যন্তরে প্রবেশ না করার বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে।

নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করেন। এতে সীমান্তঘেঁষা জমিতে চাষাবাদ ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বিএসএফের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্ত হত্যা ও অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের নিয়মিত পতাকা বৈঠকে সীমান্ত হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল