রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ

news-image

তাওহীদুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে পদোন্নতির চাপ বাড়ছে। দীর্ঘদিন ঝুলে থাকা ২০ ব্যাচের যুগ্ম সচিবদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি না হওয়ায় বাড়ছে ক্ষোভ। এতে প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ডে ভাটা পড়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রধানের দায়িত্ব চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। কোনো কোনো দপ্তরপ্রধানের পদ আট মাস, কোথাও পাঁচ মাস, কোথাও তিন মাস ধরে খালি। অতিরিক্ত সচিবের অভাবে এমন অবস্থা বলে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিভাগ, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তারা বলছেন, বারবার তাগিদ দেওয়ার পরও শীর্ষপদে কাউকে দেওয়া হচ্ছে না। চেয়ারম্যান ও মহাপরিচালক পদে কাউকে রুটিন দায়িত্ব বা ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছে। এ কারণে গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। খালি থাকা এসব পদে মূলত নিয়োগ হয় অতিরিক্ত সচিব পদ থেকে। কখনো কখনো গ্রেড-১-থেকেও দায়িত্ব দেওয়া হয়। বলা হচ্ছে, এ ব্যাচে বিগত সরকারের অনৈতিক সুবিধাভোগী কর্মকর্তার সংখ্যা বেশি। তাই তাদের পদোন্নতি দেওয়া সমীচীন হবে না।

অন্যদিকে কর্মকর্তারা বলছেন, যারা ফ্যাসিস্ট সরকারের আনুকূল্যে জেলা প্রশাসক হননি, নৈশ ভোটের রিটার্নিং অফিসার ছিলেন না, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস হননি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, মহাপরিচালক হিসেবে পদায়িত ছিলেন না অথবা কোনোভাবেই অবৈধ সুবিধার ভাগিদার নন; তাদের পদোন্নতি দিতে জটিলতা কোথায়?

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছেন ২০তম ব্যাচের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা। সংখ্যায় কম করে হলেও শিগগিরই পদোন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। তবে এখনো সুখবর মেলেনি। তাই প্রত্যাশীরা হতাশ। বিদ্যমান দায়িত্ব পালনে তাদের মধ্যে গা ছাড়া ভাব দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত সচিব না থাকায় প্রায় ৪০টির মতো প্রতিষ্ঠানে চেয়ারম্যান, মহাপরিচালক পদে পদায়ন সম্ভব হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় ৮০টির মতো অনুবিভাগে পদায়ন করা যাচ্ছে না। বর্তমানে এসব দপ্তর, সংস্থা ও মন্ত্রণালয়-বিভাগ চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে।

সূত্র জানায়, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তা এবং ২০তম ব্যাচের প্রকাশনা ‘অনুভবে বঙ্গবন্ধু’ বইয়ের ২৫ জন অতি উৎসাহী লেখককে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়া

হয়েছে। এ ব্যাচের ৪৩ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন জেলার ডিসি এবং ৪০ কর্মকর্তা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) ছিলেন। তাঁদের পদোন্নতি বিবেচনা করা হচ্ছে না। অন্যদিকে দপ্তর বা সংস্থায় কাউকে পদায়ন দিতে না পারায় রুটিন কাজ করতে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার আর্থিক ক্ষমতা নেই। অনেক কর্মকর্তা ভারপ্রাপ্ত হলেও অন্য কর্মকর্তা সমমানের হওয়ায় চেইন অব কমান্ডে সমস্যা হচ্ছে। যার সার্বিক প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের ওপর।

কর্মকর্তারা বলছেন, যুগ্ম সচিব হিসেবে ২ বছর সন্তোষজনক চাকরির পর যেখানে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিযোগ্য হয়, সেখানে ৪ বছর পার করেও ২০তম ব্যাচের উপযুক্ত অফিসারদের পদোন্নতি হচ্ছে না। প্রতি বছর পরবর্তী নিয়মিত ব্যাচ থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। অতিরিক্ত সচিব পদে ২০২২ সালের জুনে কর্মকর্তা ছিলেন ৫৯৮ জন, ২০২৩ সালে ৫৪৭ ও ২০২৪ সালের জুনে তা ৫৪৬ দাঁড়ায়। একই বছর তথা ২০২৪ সালের সেপ্টেম্বরে আরও কমে ৫২৮ জন হয়ে যায়। এরপর ২০২৫ সালের জুনে ৪৪১ জন, ২০২৫ সালের অক্টোবরে ৩৩০, ২০২৬ সালের জানুয়ারিতে ২৮৮ ও জুনে দাঁড়াবে ২৬০ জনে। গত সেপ্টেম্বর মাসে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য এসএসবির দুটি সভা হলেও নানা কারণে প্রক্রিয়াটি থেমে যায়।

 

এ জাতীয় আরও খবর

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?