সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপিকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি

news-image

পিন্টু স্মৃতি সংসদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ দাবি করেছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’। না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সংসদের কর্মীরা। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই হুশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহীদ পিন্টু স্মৃতি সংসদের কর্মীরা। এর আগে বর্তমান আইজিপিকে অপসারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। সংগঠনটির নেতারা বলেন, ‘আজ (শনিবার) রাতে শেষ হবে সেই ৪৮ ঘণ্টার সময়। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনে নামবেন।

মানববন্ধনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘বিচার চাই-বিচার চাই, পিন্টু হত্যার বিচার চাই’, ‘ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই, বাহারুলের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, সরকারের স্বাধীন তদন্ত কমিশন বিএনপি-জামায়াত বা এনসিপি গঠন করেনি; এটি সরকারের গঠিত কমিটি। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে সাবেক এসবিপ্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম দেখে আমরা হতবাক। নতুন বাংলাদেশের পুলিশপ্রধান হিসেবে তার নাম আসা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমাদের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এখনও শেষ হয়নি, কিন্তু আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আইনকে সম্মান করে। আজ রাত ১২টার মধ্যে আইজিপিকে অপসারণ না করা হলে আমরা আবারও প্রেসক্লাবে আসব এবং পরে পুরান ঢাকাবাসী কঠোর আন্দোলনে নামব।

রফিক অভিযোগ করেন, হাসিনা সরকারের নির্দেশে ভারতের ষড়যন্ত্রের অংশ হয়ে বাহারুল আলম ঢাকা-৭ ও ৮ আসনের ছাত্রদল-যুবদল-মহিলাদল নেতাকর্মীদের নাম মিথ্যা মামলায় ঢুকিয়েছেন। এসবিপ্রধান হিসেবে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার দায়িত্ব থাকলেও তিনি তা করেননি। বরং পিন্টু ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। বিডিআর ম্যাসাকারে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার বিচার যেমন চাই, তেমনি পিন্টু ভাইয়ের হত্যার বিচারও চাই। বাহারুলকে অপসারণ ও গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম বলেন, ‘১৬ বছর খুনি হাসিনার নির্যাতনের পর আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনও কেন তার দোসররা রাষ্ট্রযন্ত্রে থাকবে? আমরা আইজিপির বিরুদ্ধে অভিযোগ আনিনি। অভিযোগ এনেছে স্বাধীন তদন্ত কমিশন। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ করা উচিত ছিল।

সংগঠনের উপদেষ্টা সাঈদ হাসান মিন্টু বলেন, বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পিন্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে জেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বর্তমান আইজিপিসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করতে হবে। আইজিপিকে অপসারণ না করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।