মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক—গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজনে কোনো জোট করে, তাহলে যেসব জায়গায় জনসমর্থন আছে, সেই সমস্ত আসনকে নিশ্চিত করেই জোট হবে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন নুর। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে স্থানীয় গণঅধিকার পরিষদ এ জনসভার আয়েজন করে।

নুর বলেন, ‘আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। চলতি মাসের ১১ তারিখ তফসিল ঘোষণা করার কথা। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের লড়াকু ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছনোর—সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা দেখতে পাই, কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা পুরোনো ফ্যাসিস্টদের মতোই হুমকি-ধামকি ও আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ১৬ বছরের অপশাসন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেছে। জনগণের প্রতিবাদে নেতারা সীমান্ত দিয়ে, হেলিকপ্টার দিয়ে, নদী-নালা ও খাল-বিল দিয়ে যে যেভাবে পেরেছে পালিয়ে গেছে। কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতিও তাই হবে। গণঅভ্যুত্থানের অংশীজন সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই।’

নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ূম প্রমুখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন নুরুল হক নুর।

 

এ জাতীয় আরও খবর

অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’

নতুন বিজ্ঞাপনে পরীমণি

কোয়ালিফায়ারে উঠল রাজশাহী

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’

নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

আগামী নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে তাদের পালাতে হবে : ডা. শফিকুর রহমান

৪৫টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ

‘আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, মার খেতেও জানি’

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ