বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে অসুস্থ যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

news-image

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে যৌথবাহিনী অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তারা মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জল বিশ্বাসসহ তিনজনকে আটক করা হয়।

উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সেসময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে গ্রহণকালে যেসব প্রশ্ন করা হয়, তিনি তার উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছিলেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজের’ শিকার ছিলেন। এ সময় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা জানান, উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজন আটক হন। ওই সময় তাদের সঙ্গে থাকা বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) ও নতুন মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেলকে (৩০)।