রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান, আটক ৭

news-image

চট্টগ্রাম ব্যুরো : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে আটক করেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বাড়িটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

আটক সাতজন নিজেদেরকে ওই বাড়ির কর্মচারী বলে দাবি করেন। তারা ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেঁস্তোরার রান্না ও অন্য কাজ করেন বলে জানান। রেস্তোরাঁটির মালিক নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন- একজন জুলাইযোদ্ধার এমন ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, নওফেলের বাসার চতুর্থ তলার ওই রান্নাঘরে সেই খাবার রান্না করা হয় এবং প্যাকেটে ভরে সেটা সরবরাহ করা হয়। বুধবার দুটি অর্ডার পেয়েছিলেন তারা, যেগুলো দুপুর ২টার মধ্যে সরবরাহ করা হয়। অনলাইনে কার্ডের মাধ্যমে বা নগদ টাকা গ্রহণ করে বিল দেওয়ার দুটি মেশিন ওই বাসায় পেয়ে সেগুলো জব্দ করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘দুপুরে ফেসবুকে একজন জুলাইযোদ্ধার দেওয়া একটি স্ট্যাটাস আমাদের নজরে আসে। কয়েকজন জুলাইযোদ্ধা পুলিশকে ফোন করেও বিষয়টি জানান। ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে বৈঠক চলছে বলে তারা জানান। বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ঊর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করি এবং নির্দেশনা পেয়ে পুলিশ অভিযান চালায়। ‘

অভিযান শেষে ওসি বলেন, ‘নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে সভা করার খবরটি ছিল গুজব। বাড়িতে সাতজনকে পেয়েছি, তারা নিজেদের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। যাচাই-বাছাই করে তাদের মধ্যে যদি নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের সহযোগী কেউ থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ছয়তলা বাড়ির চতুর্থ তলায় রান্নাবান্নার বিভিন্ন সরঞ্জাম ও নিয়মিত রান্না হয় এমন প্রমাণ পাওয়া গেছে। নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার নিয়াজ মোহাম্মদ খানের পুত্রের যৌথ মালিকানায় নগরীর পূর্ব নাসিরাবাদে ইয়াকুব সেন্টারে ক্যাফে মিলানো নামে একটি রেস্তোঁরা আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রেস্তোঁরাটি বন্ধ হয়ে গেছে। কিন্তু ফুডপান্ডা বা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে খাবার সরবরাহ করা হয়। ’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নওফেল দেশত্যাগ করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি এখন ভারতে অবস্থান করছেন।

 

এ জাতীয় আরও খবর

৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে : নুরুল ইসলাম নুরু

আইজিপিকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি

নবায়নযোগ্য বিদ্যুতে জোর মহাপরিকল্পনা সংশোধন তাগিদ

পারস্পরিক স্বার্থেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে

খালেদা জিয়ার অবস্থা নিয়ে আশাবাদী মেডিক্যাল বোর্ড

২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

মেসি ম্যাজিকে প্রথমবার এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ: সিআইডি প্রধান

তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্ত্রীকে হত্যা

একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল