রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঞ্চলিক অংশীদারিত্ব বৃদ্ধি করতে চায় সরকার

news-image

আবু আলী
২০২৬ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও এ সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি রয়েছে ব্যবসায়ীদের। এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে। শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা উঠে যাবে। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের ওপর নিয়মিত হারে শুল্ক বসবে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়তি শুল্কের কারণে রপ্তানি বছরে ৫৩৭ কোটি ডলার বা সাড়ে ৪৫ হাজার কোটি টাকা কমতে পারে। এমন প্রেক্ষাপটে আঞ্চলিক অংশীদারত্ব বৃদ্ধি করতে চাইছে সরকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধশিল্প। এলডিসি থেকে বের হলে ওষুধশিল্পের ওপর মেধাস্বত্ব বিধিবিধান আরও কড়াকড়ি হবে। এলডিসি হিসেবে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাস্বত্বের জন্য অর্থ দিতে হয় না। মেধাস্বত্বের (পেটেন্ট) ওপর অর্থ দেওয়া হলে ওই ওষুধের দাম বেড়ে যেতে পারে। এ কারণে এলডিসির গরিব নাগরিকেরা স্বল্পমূল্যে ওষুধ পাবে না। এলডিসি হিসেবে বাংলাদেশ এই সুবিধা বেশি পেয়েছে। বাংলাদেশ ওষুধশিল্প একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে।

এলডিসি থেকে উত্তরণ হলে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। অবশ্য বাংলাদেশ এখন বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন ঋণদাতা সংস্থার কাছ থেকে সহজ ও কঠিন শর্তের ঋণ নেওয়া শুরু করেছে। এ ছাড়া নগদ ও ভর্তুকি সহায়তার পাশাপাশি করছাড়ে আরও কড়াকড়ি আরোপ হবে। বাংলাদেশকেও কৃষি, শিল্প, রেমিট্যান্সসহ বিভিন্ন খাতে এসব সহায়তা দেওয়া কঠিন হবে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের মুক্ত বাণিজ্য ও আঞ্চলিক অংশীদারত্ব বাড়াতে চায় সরকার। এজন্য চুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ফ্রি ট্রেড এগ্রিমেন্টে (এফটিএ) গতি এনেছে অন্তর্বর্তী সরকার। ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কৌশলে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়ন, মরিশাস, নাইজেরিয়া, তুরস্ক, নেপাল ও ভুটানের সঙ্গে বহুমাত্রিক বাণিজ্যিক আলোচনা ও চুক্তি সম্পাদনের এই ধারাবাহিকতা বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় আঞ্চলিক বাণিজ্য চুক্তি নীতি, ২০২২-এর আওতায় একটি ‘বাণিজ্য বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে এরই মধ্যে একটি ধারণাপত্র তৈরি করা হয়েছে, যে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আঞ্চলিক বাণিজ্য সুবিধা বাস্তবায়নে ইলেকট্রনিক পদ্ধতিতে উৎপত্তি সনদ ইস্যুর ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

জানা গেছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ) স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য সেবা অধ্যায়ের (পরিষেবা বিভাগে ট্রেড অধ্যায়) আলোচনাসহ মূল কাঠামোগত আলোচনা এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ-জাপান আনুষ্ঠানিক আলোচনার প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। এখন চূড়ান্ত অঙ্গীকারসূচি তৈরি করে প্রতিবেদন জমা দিতে হবে। সিদ্ধান্ত হয়- এফটিএ অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে প্রতিবেদন সংগ্রহ নিশ্চিত করবেন।

অন্যদিকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক আলোচনা এরই মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, পরবর্তী দফার আলোচনায় বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক অবস্থান আরও জোরালোভাবে উপস্থাপন করা জরুরি। পরবর্তী আলোচনার আগে বাংলাদেশের সম্ভাব্য সুবিধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে একটি নীতিগত কৌশলপত্র তৈরি করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) প্রথম দফা আলোচনা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত হয়, দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অবিলম্বে শুরু করতে হবে।

পাশাপাশি বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলির খসড়া (টার্মস অব রেফারেন্স) এরই মধ্যে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা ঢাকায় আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে সরকার।

এদিকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ) স্বাক্ষরের অগ্রগতি পর্যালোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। চুক্তির প্রথম দফা আলোচনার জন্য প্রস্তুতি শুরু করতে হবে।

জানা গেছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পরিচালনায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ সম্পাদনের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের