সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের পরিকল্পনায় চুরি হয় ৫০০ ভরি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মালিবাগে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্সে চাঞ্চল্যকর ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনায় জড়িত ৪ জনকে ১৯০ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চুরিতে সরাসরি অংশ নেন তিনজন। দুজন রশি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন। আরেকজন ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন। চুরি শেষে তিনজনই দ্রুত সটকে পড়েন। পরে চুরি করা স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। তিন মাসের পরিকল্পনা ও কয়েক দফা রেকির পর এই চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ চোরচক্র। গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, গত ৮ অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্সে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর ডিবি তদন্তে নামে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা তিন মাস ধরে ফরচুন শপিং মলের স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে। সে অনুযায়ী, তারা বেশ কয়েকবার রেকি করে। পরে চুরির উদ্দেশ্যে তারা হাতুড়ি, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম আগেই মার্কেটের পেছনে টিনের চালের নিচে লুকিয়ে রাখে। ৮ অক্টোবর দিনের বেলায় আসামি সুমন মার্কেটে প্রবেশ করে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ইউ লুপ লাগিয়ে তার সঙ্গে রশি বেঁধে মাটি পর্যন্ত নামিয়ে রাখে। এ ছাড়া চুরির সময় নিজেদের মুখ ঢাকার জন্য বাথরুমে বোরকা রেখে আসে।

ঘটনার বিবরণ দিয়ে শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন মধ্যরাতে আসামিরা গণপূর্ত কোয়ার্টারের ভেতর দিয়ে মার্কেটের পেছনে পৌঁছে। এর পর পূর্বে বেঁধে রাখা রশি বেয়ে তারা ছাদে উঠে গ্রিল কেটে বাথরুমের ভেতরে প্রবেশ করে বোরকা পরে নেয়। পরে বাথরুমের দরজা ভেঙে শপিং মলে ঢুকে শম্পা জুয়েলার্সে চুরি করে একই পথে পালিয়ে যায়। পালানোর সময় তারা ব্যবহৃত বোরকা ও সরঞ্জাম গণপূর্ত কোয়ার্টারের টয়লেটের সেপটিক ট্যাঙ্কে ফেলে যায়।

ডিবিপ্রধান জানান, ওই ঘটনায় ধারাবাহিক অভিযানে প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতব্বর ওরফে সাহিদ ওরফে শাহিনকে (৪৬) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে শাহিনের দেওয়া তথ্যে তার বাড়ির গোয়ালঘর থেকে ১২১ দশমিক ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব হারতা গ্রামে অভিযান চালিয়ে শৈশব রায় সুমনের স্ত্রী অনিতা রায়ের হেফাজতে থাকা ৫২ দশমিক ৮১ ভরি স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে রাত ১টার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় দুই ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। আর শুক্রবার ভোরে অর্থ সরবরাহকারী ও রেকিতে অংশগ্রহণকারী উত্তম চন্দ্র সুরকে শাঁখারী বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩ দশমিক ৬৭ ভরি স্বর্ণ এবং ৯৩ দশমিক ৫ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩ দশমিক ৫ গ্রাম রৌপ্য, ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা নগদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, চক্রটি এর আগেও এভাবে চুরি করেছিল। তারা সংঘবদ্ধ চুরি পেশায় জড়িত। তবে আগে তারা গ্রামে কৃষি কাজ করত।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, চোরচক্রের দুজন বোরকা পরে রশি বেয়ে ফরচুন শপিং মলের তৃতীয় তলার জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকেন। এর পর দোতলায় শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার চুরি করেন। চুরি শেষে ভবনের নিচে মোটরসাইকেলে অপেক্ষমাণ ব্যক্তির সঙ্গে তারা দ্রুত চলে যান।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা