রাকসু নির্বাচন আজ
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম নজরুল ইসলাম। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এ জন্য প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম আরও বলেন, নির্বাচনে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র?্যাব মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন এবং মোট প্রার্থী ৮৬০ জন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটের পাঁচটি পদে ৫৮ জন এবং হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভোটগ্রহণ পরিচালনায় থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। মোট ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। আর ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনের ফলাফল প্রস্তুত ও যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
যে হলের শিক্ষার্থীরা যে ভবনে ভোট দেবেন : বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেওয়ার কথা ছিল মন্নুজান হলের শিক্ষার্থীদের। তবে স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্রটি পরিবর্তন করে নেওয়া হয়েছে ডিনস কমপ্লেক্স ভবনে। এই হলে ভোটার সংখ্যা ২ হাজার ৩৭৮ জন; ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে ভোট দেবেন শহীদ জিয়াউর রহমান হলের ১ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী।
ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনে দুইটি হলের ভোটগ্রহণ হবে। উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে ভোট দেবেন জুলাই-৩৬ হলের ২ হাজার ৪৭২ জন শিক্ষার্থী এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে ভোট দেবেন রোকেয়া হলের ২ হাজার ১৭৩ জন ভোটার।
রবীন্দ্র ভবনে ভোট দেবেন তিনটি হলের শিক্ষার্থীরা। পূর্ব-মধ্য গেট দিয়ে ১৪৬ নম্বর কক্ষে ভোট দেবেন তাপসী রাবেয়া হলের ১ হাজার ২৪১ জন শিক্ষার্থী, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হলের ভোট দেবেন ১ হাজার ২৭৫ জন এবং দক্ষিণ-পশ্চিম ফটক দিয়ে ১২৩ নম্বর কক্ষে ভোট দেবেন রহমতুন্নেসা হলের ১ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী।
ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হলের ২ হাজার ৪৪৬ জন এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের ১ হাজার ৩০৪ জন ভোটার ভোট দেবেন; জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হলের ১ হাজার ৫২৯ জন এবং ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ১ হাজার ১১৩ জন শিক্ষার্থী ভোট দেবেন।
সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনে ১৩৩ নম্বর কক্ষে ভোট দেবেন শের-ই বাংলা ফজলুল হক হলের ৯৯৩ জন শিক্ষার্থী এবং ২০৮ নম্বর কক্ষে ভোট দেবেন মতিহার হলের ১ হাজার ৮৭১ জন ভোটার।
জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে ভোট দেবেন মাদার বখশ হলের ১ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী, ১০৫ নম্বর কক্ষে ভোট দেবেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১ হাজার ৮৬১ জন ভোটার। এ ছাড়া জুবেরী ভবনের পূর্ব হলরুমে ভোট দেবেন সৈয়দ আমীর আলী হলের ১ হাজার ২৩০ জন এবং পশ্চিম হলরুমে ভোট দেবেন শাহ মখদুম হলের ১ হাজার ৪০৯ জন শিক্ষার্থী।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র স্থাপনবিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। পুরো ভোট গণনার প্রক্রিয়া সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে।











