গণভোট নিয়ে সমঝোতা হয়নি, সিদ্ধান্ত স্বাক্ষরের পর
নিজস্ব প্রতিবেদক : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত হলেও সময় ও প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি। শেষ সময়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। ফলে এ বিষয়ে সরকারকে একাধিক সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, গণভোট নিয়ে সমঝোতা না হওয়ায় জুলাই সনদ স্বাক্ষরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে আগামী ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আগামীকাল বুধবার সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে সনদ ও বাস্তবায়ন সুপারিশের চূড়ান্ত কপি দেখার পরই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
সংলাপে অংশ নেওয়া সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সংলাপের বাইরেও দলগুলো লিখিত মতামত দিয়েছে। তাদের বক্তব্য আমরা আমলে নিয়েছি। জাতীয় সনদে ভিন্নমত ও তার কারণগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে। সেখানে দলগুলোর অবস্থান সুস্পষ্টভাবে লেখা থাকবে। ফলে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদী।
জানা গেছে, কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ৩০টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিদের নাম পাঠানো হয়েছে। তবে অনেকেই জানিয়েছেন, নাম পাঠানো হলেও স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। জুলাই সনদ ও এর বাস্তবায়ন সুপারিশের চূড়ান্ত কপি পাওয়ার পর তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে কমিশনকে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে একমত। তবে গণভোটের সময় নির্ধারণ না হলে স্বাক্ষর নিয়ে সংশয় থাকবে বলে জানিয়েছে কয়েকটি দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি দল মনে করে গণভোটের প্রয়োজন নেই। এ ছাড়া বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি ‘জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বহাল না থাকলে এবং সংবিধানের অনুচ্ছেদ ৪ (ক) বিলুপ্তির
প্রস্তাবটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ অন্তর্ভুক্ত করা হলে সনদে স্বাক্ষর নাও করতে পারে বলে জানিয়েছিল সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফোরাম, বাসদ (মাহবুব), বাংলাদেশ জাসদসহ কয়েকটি দল।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দলসমূহের মধ্যে ঐকমত্য হয়নি। এরপর আবার নতুন সংশোধনীর প্রস্তাব করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তাছাড়া আমরা বিদ্যমান সংবিধানের রাষ্ট্রীয় ৪ মূলনীতি বাদ দেওয়ার প্রস্তাব থেকেও কমিশনের বিরত থাকা বাঞ্ছনীয় মনে করি। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে চাই। কিন্তু তার জন্য কমিশনের যথাযথ পজিটিভ পদক্ষেপ আশা করি। অন্যথায় আমাদের দলসহ অনেক দলের পক্ষে সনদে স্বাক্ষর করা হয়তো অসম্ভব হয়ে পড়বে।
সনদ বাস্তবায়নে ‘নোট অব ডিসেন্ট’সহ গণভোট প্রশ্নে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, জুলাই সনদে যদি সর্বসম্মতভাবে একমত হওয়া বিষয়গুলো থাকে, তাহলে আমরা স্বাক্ষর করব।
কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত করেছে কমিশন। সনদ বাস্তবায়ন নিয়ে দীর্ঘ আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কমিশন। এক্ষেত্রে সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে বিরোধী অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপিসহ অধিকাংশ দল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে গণভোটের প্রস্তাব করে। তবে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে। এর বাইরে কিসের ভিত্তিতে গণভোট হবে, গণভোটে কী কী বিষয় থাকবে এবং পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন প্রশ্নে মতভেদ রয়েছে। এ নিয়ে গত তিন দিনে দল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের অনানুষ্ঠানিক আলোচনা করেছে। তবে পূর্বের অবস্থানেই অনড় দলগুলো। ফলে কমিশনের সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নে একাধিক প্রস্তাব থাকছে। দলগুলো একমত না হওয়ায় এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এদিকে আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।











