আটকেপড়া সিনেমা আলোর মুখ দেখবে কি
ফয়সাল আহমেদ
কিছু সিনেমা আটকে যায় ঘোষণায়। কিছু শুটিং শুরু হওয়ার আগে-পরে। আর কিছু আটকায় মাঝপথে বা শেষ মুহূর্তে। আটকে যাওয়া এমন সিনেমার বেশির ভাগই তারকাহীন। কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ না দেখা এমন অনেক সিনেমা আছে যেগুলো তারকায় ঠাসা, যেগুলোর কাহিনি বা প্রযোজনা ব্যয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। নানা জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রযোজক-পরিচালকের আগ্রহে ভাটায় এসব সিনেমা অনিশ্চয়তার মুখে। দর্শক আদৌ এই সিনেমা আর দেখতে পারবেন কিনা এমন প্রশ্ন করছেন সিনেমাসংশ্লিষ্টরাই!
৬ বছরে শেষ হয়নি শাকিব খানের ‘আগুন’
সিনেমার নায়ক শাকিব খানÑ এমন শিরোনাম দেখলেই তো দর্শকের মাঝে আলোচনা শুরু হয় সিনেমা নিয়ে। সেই শাকিব খানের এই সিনেমা আটকে আছে ৬ বছর ধরে। ছবিতে তার নায়িকা জাহারা মিতু। এর পরিচালক বদিউল আলম খোকন। শোনা যাচ্ছে, সিনেমাটির গানের শুটিংই এখনও হয়নি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শুটিংয়ের জটিলতা এবং প্রযোজনা ঘাটতিতে আটকে থাকা এই সিনেমার মুক্তি নিয়ে এখন শাকিব খান নিজেও বিরক্ত। তিনি নাকি নিজেই আর চান না সিনেমাটি মুক্তি পাক!
‘অপারেশন জ্যাকপট’-এর প্রযোজক বলছেন কাজ শেষ, পরিচালক বলছেন বাকি!
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌ সেক্টরের দুঃসাহসিক গেরিলা অভিযানের গল্পের সিনেমা এটি। যৌথভাবে এটি নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস এবং বাংলাদেশের বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। প্রযোজক স্বপন চৌধুরী। গেল বছরের জানুয়ারিতে শুটিং শুরু। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে সিনেমাটির কাজ বন্ধ বলা যায়। চলতি বছরের জুন মাসে অপারেশন জ্যাকপট নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে এর ভারতীয় নির্মাতা রাজীব বিশ্বাস জানান, বাংলাদেশ অংশের শুটিং শেষ হলেও রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর বন্ধ হয়েছে সিনেমার কাজ। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সিনেমার কাজ। কবে শুরু হবে জানি না। আপাতত নিজের শহর কলকাতায় আাছি।’ রাজীব বিশ্বাসের এমন মন্তব্যের পর প্রযোজক স্বপন চৌধুরী জানান, ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমার কাজ। তিনি বলেন, ‘আমাদের সিনেমার কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষায়। তবে এই মুহূর্তে মুক্তি নিয়ে পরিকল্পনা করছি না। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে অপারেশন জ্যাকপট মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’ সিনেমাটিতে অভিনয় করেছে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, অনন্ত জলিল, নিপুন, ইমন, নিরব, রোশান, মিশা সওদাগরসহ বড় একটি তারকাবহর।
অভিনয়ই ছেড়ে দিচ্ছেন ‘নেত্রী : দ্য লিডার’ এর নায়ক-নায়িকা!
ছবিটির ঘোষণা আসে ২০২২ সালে। ২০২৩ পর্যন্ত শুটিং শেষ হয়েছে প্রায় আশি ভাগের। তখনই বলা হয়েছিল, বাকি অংশের কাজ শেষ করে ২০২৩ সালের শেষভাগে ছবিটি মুক্তি দেওয়া হবে। কেট গেল প্রায় দুই বছর। এই ২০২৫ সালে মুক্তি পাওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা। প্রযোজনার পাশাপাশি অনন্ত জলিল ছবিতে রয়েছেন বর্ষার দেহরক্ষীর ভূমিকায়। দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ মাধবের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও যুক্ত হয়েছেন ভারতের পরিচিত মুখÑ প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুণ অরোরা। সিনেমাসংশ্লিষ্ট বেশির ভাগ মানুষই বলছেন, এই সিনেমা মুক্তির আর কোনো আশা নেই! কারণ হিসেবে তারা বলছেন, শোনা যাচ্ছে ছবির নায়ক-নায়িকা (অনন্ত-বর্ষা) অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
‘ফুটবল ৭১’-এর নাম হয় ‘ঠিকানা বাংলাদেশ’, কিন্তু হলের ঠিকানা পাবে কি?
একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে শুরু ‘ফুটবল ৭১’। সরকারি অনুদানের সিনেমাটির নির্মাতা অনম বিশ্বাস। রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিনেমাটির নাম বদলে রাখা হয় ‘ঠিকানা বাংলাদেশ’। আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকনসহ তরুণ ও অভিজ্ঞ তারকাদের নিয়ে শুরু হওয়া এই সিনেমার কাজ কতটুকু শেষ হয়েছে, আদৌ কি তা পোস্ট-প্রোডাকশনে আছেÑ তা নিয়ে কোনো তথ্য নেই। সরকারি অনুদান পেয়েও সিনেমাটি আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে।
প্রযোজকের অভাবে ‘নূর’
আরিফিন শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি নিয়ে একসময় তুমুল আলোচনা ছিল। পরিচালনায় ছিলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। কাজ শেষ হয়েও এটি মুক্তি পাচ্ছে না। ছবির কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। শেষ হয় ২০২৩-এ। একাধিকবার মুক্তির ঘোষণাও শোনা গিয়েছিল। এখন পুরোপুরি বন্ধ! কারণ ২০২৪ সালে সরকারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পিটুনিতে এই সিনেমার প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান নিহত হন। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে নির্মিত হয় নূর। প্রযোজকের এমন মৃত্যুর পর প্রযোজনা প্রতিষ্ঠান কার্যত ভেঙে পড়ে। সে কারণে ‘নূর’ এখন প্রায় স্থবির, ভবিষ্যৎ নিয়েই রয়েছে ব্যাপক অনিশ্চয়তা।
থমকে আছে ‘দিগন্তে ফুলের আগুন’
শমী কায়সারের প্রযোজনায় এবং ওয়াহিদ তারেকের পরিচালনায় নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি শুরু হয়েছিল ২০২৩ সালে। শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনের কিছু অধ্যায় উঠে আসবে এতে।চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন পান্না কায়সারের ভূমিকায়। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এখন সিনেমাটির নির্মাণের গতি পুরোপুরি থেমে গেছে।











