ডাকসু নির্বাচন; গবেষণায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বামজোটের ইসতেহার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বাকি মাত্র ৮ দিন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে জমে উঠেছে ছাত্ররাজনীতি। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদের পর এবার নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছে বাম ছাত্র সংগঠন সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল। তারা ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছে। ছাত্রশিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল।
আগামী ৯ ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন উপলক্ষে রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকেল তিনটায় ঢাবির মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ১৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ প্যানেল। এই প্যানেলের জিএস/সাধারণ সম্পাদক প্রার্থী মেঘ মল্লার বসু সমতায়-প্রতিরোধে, নিরাপদ ক্যাম্পাস স্লোগান কে সামনে রেখে এ ইশতেহার ঘোষণা করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার শুরু করে।
বামজোটের ১৮ দফা ইসতেহারে গবেষণা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার, সিনেটে ১০ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি যুক্ত করার বিধান; শিক্ষার বাণিজ্যিকীকরণ নিষিদ্ধ; নারী হলে লোকাল গার্ডিয়ান নামক হয়রানির নির্মূল; ভাষা-সংস্কৃতি-কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণ; সাম্প্রদায়িক-জাতিগত-লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা; মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষনসহ নানা বিষয় স্থান পেয়েছে।
বামজোটের ইসতেহার: ১) ডাকসুর কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি, ২) শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়ন, ৩)গবেষণায় অগ্রাধিকার, ৪)আবাসন সংকট নিরসন, ৫) নারীবান্ধব ক্যাম্পাস, ৬)সকল জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ, ৭)খাদ্য এবং পুষ্টিমান সুরক্ষা, ৮)শারিরীক স্বাস্থ্য সুরক্ষা, ৯)মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ১০)লাইব্রেরি, সেমিনার, রিডিংরুম এবং কমনরুম, ১১) প্রকাশনা সংস্থাকে সচল করা, ১২)মুক্ত পরিসর পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ, ১৩)সাহিত্য এবং সংস্কৃতি, ১৪) পরিবহন, ১৫)ক্রীড়া,
১৬)পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা, ১৭)গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের অধিকার, ১৮)মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন।
ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট: ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।
গতকাল রোববার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করা হয়। এদিন রিটটি আদালতের কার্যতালিকায় ২৮৫ নম্বর ক্রমিকে ওঠে। এতে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। গতকাল বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে আদালতে রিটের বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আদালত বলেন, ‘মঙ্গলবার শুনবো।’ তখন জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিকাল চারটায় রাখতে পারেন, বিষয়টি জরুরি।’ আদালত বলেন, ‘মঙ্গলবার শুনবো। সকাল সাড়ে ১০টায় মেনশন (উত্থাপন) করবেন, ২টায় শুনবো।’এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।
রিট প্রসঙ্গে এস এম ফরহাদ বলেন, আগে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছেন। যিনি রিট দায়ের করেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দেবেন। এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে, সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলন আযোজন করেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল। এই প্যানেলের ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সাদিক কায়েম বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে যারা দিল্লির বয়ান শোনাচ্ছেন, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবেন।
তিনি বলেন, গত এক বছরজুড়ে ও জুলাই আন্দোলনে আমাদের প্যানেলের সদস্যদের যে শিক্ষার্থীবান্ধব ভূমিকা, আমাদের প্যানেলের যারা আছেন, তাদের যে যোগ্যতা, তাদের যে দক্ষতা— তাতে শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামী ৯ তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো।
সাদিক বলেন, শিক্ষার্থীদের আকাঙ্খাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোনও ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালি বয়ানের ক্যাসেট বাজাচ্ছেনে।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে।
শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের: ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির এবং তাদের মিত্র ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-সমর্থিত প্যানেল। গতকাল রবিবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত ফোকাস কোচিং সেন্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার নামে খাবার, উপহার ও নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। এসব অনুষ্ঠানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট-এর ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা সরাসরি অংশ নিচ্ছেন, যা সরাসরি আচরণবিধি লঙ্ঘন।
তিনি আরও অভিযোগ করেন, শিবিরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করা হচ্ছে, এমনকি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলা হয়েছে—যা ইতিহাস বিকৃতির সামিল।
আবিদুল ইসলাম বলেন, শুক্র ও শনিবারের নিয়মিত ছুটির সঙ্গে প্রশাসন আরও চার দিন ছুটি দিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দানে নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাই। এর আগে, ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে শিবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়। তারা অভিযোগের ভিত্তিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।











