নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস
অর্থনৈতিক রিপোর্টার : বাজারে প্রায় সব ধরনের সবজিসহ মরগি, গরুর মাংস এবং মাছের দাম আকাশ চুম্বি। পেঁপে থেকে শুরু করে টমেটো, গাজরসহ সব ধরেনর শাকেরও দাম বেড়েছে। নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা অযাচিতভাবে দাম বৃদ্ধি করেছে। বিক্রেতারা বলছেন, বাজারে পন্যের সরবরাহ কম। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালে বনশ্রী-রামপুরাসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়, সাদা কক ৩০০ টাকা, লাল কক ২৮০ থেকে ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৭০০ টাকায়।
শুধু মুরগিই নয়, ডিমের বাজারেও আগুন লেগেছে। গত এক মাস ধরে প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। বর্তমানে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। হাঁসের ডিমের দাম আরও বেশি, প্রতি ডজন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গরু ও খাসির মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। ইলিশের বাজারে এখনও অস্থিরতা দেখা যাচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ৩ হাজার টাকা পর্যন্ত।
অন্যান্য মাছের মধ্যে বোয়াল প্রতি কেজি ৭৫০ থেকে ৯০০ টাকা, কোরাল ৮৫০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ও শিং ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাষের ট্যাংরা ৭৫০ থেকে ৮০০ টাকা, কাঁচকি ৬৫০ থেকে ৭০০ টাকা এবং মলা ৫০০ থেকে ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
বনশ্রী বাজারে পরিবারের জন্য সপ্তাহের বাজার করতে আসা গৃহিণী নাহিদা আক্তার বলেন, শাকসবজি, ডাল, মাছ, মাংসসহ সব কিছুর দামই একসঙ্গে বাড়ছে। গত সপ্তাহে ব্রয়লার কিনেছি ১৬৫ টাকায়, আজ দিতে হলো ১৮২ টাকা। এভাবে চলতে থাকলে মাসের শেষে টান পড়বেই।
বাজার করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল হাসান বলেন, মাসখানেক আগেও ব্রয়লার ১৫০ টাকায় কিনেছি, আজ ১৮৫ টাকা চাইছে। গরু-খাসির মাংস তো অনেক আগেই হাতের বাইরে চলে গেছে, এখন মুরগিও কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি মাছের বাজারে গিয়েও শান্তি পাবেন না, মাছের দাম আকাশছোঁয়া। এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে তো চলতেই পারব না।
ভোক্তারা মনে করছেন, সরবরাহ ব্যবস্থার ঘাটতি ও পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকার কারণেই এভাবে দাম বাড়ছে। তারা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখা যায়।
এদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রামপুরা বাজারের মুরগি বিক্রেতা দিদার বলেন, ব্রয়লার মুরগির দাম দুই সপ্তাহ ধরে বাড়ছে। তবে সোনালি ও অন্যান্য মুরগির দাম কিছুটা ওঠানামা করছে। সরবরাহ বাড়লে দামও আবার কমে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, শুক্রবার পাইকারি বাজারেই দাম বেশি থাকে। যে কারণে আমরাও বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হই। তবে শনি-রোববার দাম আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। বনশ্রী এলাকার এক খুচরা বিক্রেতা মো. সেলিম বলেন, আমাদের হাতে তো কিছু করার নেই। পাইকারিতে যেভাবে কিনি, সামান্য লাভ রেখে বিক্রি করি। দোষ যেন সবসময় খুচরা বিক্রেতাদের ওপর না চাপানো হয়।











