,

ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরায় উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সাতটি পাথরের আড়তে অভিযান চালিয়ে প্রায় চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বাহিনীটি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে লোড-আনলোড করা হচ্ছে। এ খবর পেয়ে সন্ধ্যা থেকে ডেমরা সারুলিয়ার শুকুরসী ঘাট ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি শুরু করে তারা।

পরবর্তীতে ঘটনাটি নিশ্চিত হয়ে রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালায় র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের একটি আভিযানিক দল। এ সময় নদীর তীরবর্তী পাথর ব্যবসার সাতটি আড়তে সাদা পাথর বোঝাই ট্রাক দেখা যায়। পাথরগুলো বালু দিয়ে ঢেকে রাখা ছিল। পরে প্রায় ৪০ হাজার ঘনফুট মূল্যবান আস্ত ও ক্রাশড সাদা পাথর উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। ঘটনার পর থেকে লুট হওয়া এসব পাথর উদ্ধারে তৎপরতা শুরু করে র‌্যাব।

র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, অবৈধভাবে উত্তোলিত এসব পাথরের অধিকাংশই মেশিনে ক্রাশ করে ছোটো করা হয়েছে। উত্তলনের পর এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পরিবেশ অধিপ্তরের বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে। এর আগে, অভিযান শুরু হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাথরের আড়তগুলোর লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি বলে র‌্যাব ১১ পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তবে মালিকপক্ষের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব-১১ এই অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে