রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন পাক পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী

news-image

কূটনৈতিক রিপোর্টার : দীর্ঘ দেড় দশকের শীতল সম্পর্ক পেছনে ফেলে বাংলাদেশ ও পাকিস্তান আবারও কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে নতুন পথে এগিয়ে নিতে চাইছে। এরই অংশ হিসেবে মাত্র দুই দিনের ব্যবধানে পাকিস্তানের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ঢাকায় আসছেন। আগামী ২১ আগস্ট ঢাকায় আসবেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর ২৩ আগস্ট উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট দেশে গণ-অভ্যুত্থানের পর থেকেই দুই দেশের মধ্যে আলোচনার নতুন দুয়ার উন্মোচিত হয়। এই ধারাবাহিকতায় গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। তারই ধারাবাহিকতায় এবার উচ্চ পর্যায়ের এই দুই সফর হতে যাচ্ছে। শুধু তাই নয়, জাম কামাল খান ও ইসহাক দারের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ঢাকায় আসতে পারেন বলে উভয়পক্ষের আলোচনা চলছে।

পাকিস্তানের এই দুই মন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। পাশাপাশি পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

ইসহাক দারের দুই দিনের ঢাকা সফর যে ২৩ আগস্ট শুরু হবে, তা অবশ্য আগেই ঠিক হয়ে গিয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট ঢাকা সফর করবেন।

সম্পর্কের পুনরুজ্জীবন
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০১২ সালের পর এটিই কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরের সময় একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় চুক্তি। এছাড়া, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিলের একটি চুক্তিও সই হতে পারে, যা দুই দেশের জনগণের চলাচলকে সহজ করবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা ‘আউট অব দ্য ওয়ে’ কিছু করছি না। অন্য অনেক দেশের মতোই আমরা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি, যেখানে ব্যবসা, বিনিয়োগ এবং মানুষের চলাচল সুগম করার ওপর জোর দেওয়া হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর সামনে রেখে গত ১৬-১৭ এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। চলতি বছর ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এখন নতুন করে আবার সফর সূচি চূড়ান্ত করা হয়েছে।

২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের চার দিনের সফরকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেইসি) গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ওয়ার্কিং গ্রুপ দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের নেতৃত্বে পরিচালিত হবে। দুই মন্ত্রীর এই সফরের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবও ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় আসতে পারেন। উল্লেখ্য, দুই দেশের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। এই সফরগুলো দুই দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করতে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের