রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভুত্থানের এক বছর; সরকারের সফলতা ব্যাংক-বাজার ও রিজার্ভে

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার এক বছর পার করেছে ইতোমধ্যেই। সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে তাই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে পত্রপত্রিকা, আলোচনা সভা, টকশো কিংবা রাউন্ড টেবিলে। সুশীল সমাজ বা নাগরিক সমাজের বিশ্লেষকরা নানাভাবে গত একবছরের মূল্যায়ন করছেন। কারণ একটি কর্তত্ববাদী সরকারের পর মানুষের প্রত্যাশা বেড়েছে। তারা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভুত্থানের পর নানা ঘটনা-দুর্ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়ে যার ধারাবাহিকতা এখনও চলমান। তাদের কিছু ইতিবাচক পদক্ষেপে জনমনে কিছুটা স্বস্তিও সৃষ্টি হয়। তাই অনেকটা আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকে মানুষ। কারো মতে সরকারের সাফল্য ও ব্যর্থতা ফিফটি ফিফটি।
গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তিন দিন দেশ সরকারহীন থাকার পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৮ আগস্ট ‘বদলে যাওয়া’ বাংলাদেশের সেই সরকারের এক বছর পূর্ণ হয়।
সরকারের এক বছরের সফলতা-ব্যর্থতার আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্সের মতো ইস্যুগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা কী এই প্রশ্নে অর্থনীতিতে ব্যাংক, বাজার, রিজার্ভসহ সার্বিক পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার কৃতিত্ব পাচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, মৌলিক সংস্কার এমনকি বিচারপ্রক্রিয়ার কিছু বিষয়ে সরকারের ভূমিকার নানা সমালোচনা করছেন পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা।
অর্থনীতি সংস্কার : অভ্যুত্থান-পরবর্তী সরকারের সামনে সংস্কার, বিচার এবং নির্বাচন অনুষ্ঠান এই তিনটি বড় দায়িত্ব ছিল। এ ছাড়া দেশের ভঙ্গুর অর্থনীতিকে সামাল দেওয়ার চ্যালেঞ্জ ছিল সরকারের সামনে। অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং বিপর্যস্ত পরিস্থিতি সামাল দিতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা রয়েছে। তবে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় দুর্বলতার কথাও সামনে আনছেন অর্থনীতিবিদরা। অর্থনীতির বিষয়ে সবার মূল্যায়ন মোটামুটি ইতিবাচক। ঋণের নামে প্রায় দেউলিয়া করে দেওয়া ব্যাংক খাতে মোটামুটি স্বস্তি ফিরিয়ে এনেছে সরকার- এটি সবার প্রশংসা পাচ্ছে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় এবং সরকারের কিছু ভালো পদক্ষেপে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ও ডলারের মার্কেট স্থিতিশীল আছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের এক বছরের মূল্যায়ন করে বলেন, যে অর্থনীতি এ সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সেটা তো খুবই জটিল অবস্থার ভেতরে ছিল। ‘অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতার একটা বড় চ্যালেঞ্জ হিসেবে ছিল সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, টাকার পতন আটকানো, সুদের হার একটা অবস্থায় রাখা, বাজেট ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি। কাজের ভেতরে সাফল্য এসেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।’
তবে অর্থনীতির এই সাফল্যটা মূলত হয়েছে বাইরের খাতে বা এক্সটার্নাল সেক্টরে। অর্থাৎ রেমিট্যান্স বেড়েছে, রপ্তানি চালু আছে, আমদানি কম হওয়ার ফলে বৈদেশিক লেনদেনে একটা ভারসাম্য এসেছে এবং সরকার অনেক পুরনো বিদেশি ঋণ শোধ করেছে। এই সময়কালে বৈদেশিক মুদ্রার মজুদ সে অর্থে কমেনি, বরং বেড়েছে।
বিচার ও সংস্কার : অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় দায়িত্ব ছিল ‘জুলাই হত্যা’র বিচার এবং প্রশাসন থেকে শুরু করে নির্বাচন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক কিছু সংস্কার করা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি ক্ষেত্রেই কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজন করতে সরকার একটি রূপরেখা দিয়েছে। তবে বিচার ও সংস্কার ইস্যুতে অগ্রগতির বেলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। গত এক বছরে বিচারব্যবস্থা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ‘বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই।’ কারণ ঢালাও মামলার ব্যাপারে শুরু থেকেই তাদের উদ্বেগ রয়েছে। এটি কোনো দেশেই বিচারপ্রক্রিয়ার জন্য সুষ্ঠু না বলে তারা মনে করেন। তিনি বলেন, ‘যার ফলে একটি সুশাসিত, জবাবদিহিমূলক প্রশাসন বা আমলাতন্ত্র বা সরকার পরিচালনা ব্যবস্থা সেইটির পথে যে অগ্রগতির সম্ভাবনা ছিল সেটি আমরা অর্জন করতে পারিনি বা রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে।’ তিনি বলছেন, দ্বিতীয় পর্যায়ে যে পাঁচটি সংস্কার কমিশন, সে কমিশনগুলো যথাযথ সময়ে রিপোর্ট দিয়েছে। রিপোর্টের ওপর ভিত্তি করে আশু করণীয় প্রস্তাবনাগুলো জমা দিয়েছে সরকারের কাছে। কিন্তু সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই, কোনো অগ্রগতি নাই।
আইন শৃঙ্খলার অবনতি ও ‘মব ভায়োলেন্স’ : অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গত এক বছরে সারা দেশে ‘মব ভায়োলেন্স’ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ইতিহাসের স্মৃতিবিজড়িত বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত এক বছরে বাংলাদেশে মব সংস্কৃতি এবং এক্ষেত্রে সরকারের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন।
গণমাধ্যমের স্বাধীনতা : বাংলাদেশে অতীতে আওয়ামী লীগ সরকারের একটা বড় সমালোচনার জায়গা ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের জোরালো অভিযোগ। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসেও দেখা যাচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বড় অস্বস্তি। গত এক বছরে দুই শতাধিক গণমাধ্যমকর্মীকে ঢালাওভাবে হত্যা মামলায় জড়ানো বা আসামি করা হয়েছে। জোরপূর্বক চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে। গণমাধ্যম প্রতিষ্ঠান দখলের মতো অভিযোগও সামনে এসেছে। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন টিআইবির ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে অনেককে চাকরিচ্যুত করা বা প্রতিষ্ঠান দখল করে নেয়া বা নেতৃত্বের পরিবর্তন করা, এডিটোরিয়াল চেঞ্জ করা এ ধরনের কাজগুলো একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারই। তারপরও বিগত ১৬ বছর এরকম একটা স্বৈরশাসনের পর দেশের ভঙ্গুর অবস্থাতে তারা দায়িত্বভার গ্রহণ করে। অর্থনীতির সামষ্টিক যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আছে, দূর হয়নি। আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, প্রশাসনে অস্থিরতা আছে- এসব নিয়েই তারা এক বছর পার করছে। তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার যত দ্রুত আসবে এই সমস্যা থেকে তত দ্রুত বের হওয়া যাবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের মতে দেশে যারা ক্ষমতায় থাকে তাদের সফলতা-ব্যর্থতা দুইটাই থাকে। সেই হিসেবে অন্তর্বর্তী সরকার দেশকে মোটামুটিভাবে এখনও পরিচালনা করছে। মেজর কিছু ইস্যুকে তারা ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে।
জুলাই গণঅভ্যুত্থানের এক পূর্তিতে অর্থাৎ গত ৫ আগস্টে যে জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে সংসদ প্লাজায়। সে ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান উপদেষ্টা। সে ঘোষণার ফলে আর যাই গণতন্ত্রের অভিযাত্রায় একটা সুবাতাস বইছে। নির্বাচনের তারিখের সুনির্দিষ্ট ঘোষণায় অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। পিআরের ব্যাপারে কোনো ঘোষণা না থাকায় অখুশী কেউ কেউ। নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য প্রক্রিয়া। তাই অন্তবর্তী সরকার ঘোষণা দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করিয়ে দিয়েছে। তবু সংস্কার বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। তবুও সরকারের শেষ ভালোটাই আমরা আশা করি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের