নির্বাচন ঘোষণায় আশার সঞ্চার; উন্নতির ইঙ্গিত রেমিট্যান্স ও বৈদেশিক লেনদেনে
নিজস্ব প্রতিবেদক : গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতায় গভীর সংকটে পড়া অর্থনীতি কিছু সূচকে ঘুরে দাঁড়ালেও মূল চালিকাশক্তি বেসরকারি খাত এখনো স্থবির। উচ্চ সুদ, ডলার সংকট ও বিনিয়োগে আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধি নেমেছে দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। কর আদায়ে বড় লক্ষ্য থাকলেও রাজস্ব খাতে গতিশীলতা নেই, জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। তবে রপ্তানি, রেমিট্যান্স ও বৈদেশিক লেনদেনে উন্নতির ইঙ্গিত মিলছে। রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, রিজার্ভে স্বস্তি, ঋণ পরিশোধে সাফল্য, বিদেশি বিনিয়োগ ও কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি দেশের অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিলেও উদ্যোক্তাদের আস্থাহীনতা কাটাতে না পারলে এই অগ্রগতি টেকসই হবে না- এমনই মত অর্থনীতিবিদদের।
উচ্চ সুদের হার, ক্রমাগত বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগে অনিশ্চয়তা—সব মিলিয়ে বেসরকারি খাতের অচলাবস্থা কাটছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ও বিশ্লেষকরা। বিনিয়োগে স্থবিরতা, উৎপাদন কমে যাওয়া এবং ব্যাংকঋণে সীমাবদ্ধতা বেসরকারি উদ্যোক্তাদের কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। ফলে শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানিতে প্রত্যাশিত গতি আসছে না। দেশের সার্বিক অর্থনীতির স্থবিরতা নিয়ে জানতে চাইলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে অর্থনীতি স্থিতিশীলতা এসেছে, ঘুরে দাঁড়ায়নি। অগ্রগতির বিপরীতে সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে বড় দুর্বলতা রয়ে গেছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উত্তরাধিকার সূত্রে অর্থনীতিকে কোন অবস্থায় পেল, তা জানা ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম চ্যালেঞ্জ। বিগত সরকারের আমলে আর্থিক দুর্নীতি, তছরুপ ও অপচয় হয়েছিল। বিশেষভাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলার সমন্বয়ে একটি ‘চোরতন্ত্র’ তৈরি হয়েছিল। যার ফলে উচ্চ মূল্যস্ফীতি, টাকার মূল্যমান পতন এবং অর্থনীতির অন্যান্য কিছু সূচকে বিপদগ্রস্ততা থেকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। এই জায়গায় সরকার নিঃসন্দেহে বহুলাংশে সফল হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতি মাসেই ঋণ প্রবৃদ্ধি কমতে কমতে এ পর্যায়ে নেমেছে। গত বছরের জুলাইয়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ১০.১৩ শতাংশ। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ব্যবসায়ীদের আস্থায় নেয়নি; বরং বেসরকারি খাতের ব্যবসায় এই সরকারের নজর কম। এই কারণে বিদ্যমান ব্যবসায়ীরা ভুগছেন। বেসরকারি খাতে আস্থার ঘাটতি থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশও পিছিয়ে আছে। এমন অনিশ্চয়তার মধ্যে নির্ভর যোগ্য সময়ে নির্বাচনের ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।’
জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বেড়ে যায়। জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। বছরজুড়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাস আয় এসেছে তিন হাজার ৩২ কোটি ডলার, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। আগে ক্রমাগত কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ডলার সংকট কাটতে শুরু করেছে। ব্যবসায়ীরা আগের চেয়ে সহজে এলসি খুলতে পারছেন।
অর্থনীতির কয়েকটি নীতি বিশ্লেষন করলে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় আকারে বাড়ানো হয়েছে। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৩৫ শতাংশ বেশি রাজস্ব আদায়ের চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে আয়কর খাতের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৪২.৬৩ শতাংশ, যা এনবিআরের ইতিহাসে অন্যতম উচ্চ হার। মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে ৩০.৪৯ শতাংশ এবং কাস্টমস ডিউটিতে ২৯ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে এনবিআরকে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে, যেখানে বিগত অর্থবছরে আদায় হয়েছিল তিন লাখ ৭০ হাজার কোটি টাকা। রাজস্ব প্রবৃদ্ধি ছিল মাত্র ২.২৩ শতাংশ, যা ইতিহাসে অন্যতম নিম্ন প্রবৃদ্ধি।
এছাড়াও ব্যাংক খাতের অস্থিরতা কমছে না। ব্যাংক খাতের সমস্যার কথা স্বীকার করে গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক পথনকশা দিয়েছে। ইতিমধ্যে বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত করার বিষয়ে চুক্তি করেছে। এছাড়া কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল- এই চারটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বব্যাংক এই ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলছে, ব্যাংক একীভূত করায় সতর্ক থাকতে হবে। সম্পদের মান ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ব্যাংক একীভূত করা উচিত। এ জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, ভালো ব্যাংক কখনো বাড়তি দায় নেয় না।
অন্যদিকে ব্যাংক খাতের অন্য সমস্যা, যেমন স্বজনপ্রীতি, ক্ষমতাশালীদের অনিয়ম, ব্যাংক পর্ষদে পরিবারের আধিপত্য, খেলাপি ঋণ- এসব কমানোর দৃশ্যমান বড় কোনো উদ্যোগ নেই। খেলাপি ঋণ ২০২৩ সালে প্রায় ২৫ হাজার কোটি টাকা বেড়েছে। গত ডিসেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৯ শতাংশের মতো। ব্যাংক খাতে কিছুটা স্বস্তির বিষয়ও আছে। যেমন ‘নয়-ছয় পদ্ধতি’ বাতিল করে নিয়ন্ত্রণের মধ্যে সুদহার উন্মুক্ত করা হয়েছে। দেড় বছর ধরে ডলারের বাজার বেশ অস্থির ছিল। ৮৬ টাকার ডলার ১১০ টাকা হয়েছে। তবে অনানুষ্ঠানিক দরও কিছুটা কমেছে। এখন ১১৭-১২০ টাকার মধ্যে আছে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থনীতিতে সংকট কেটে গেছে, তা বলা ভুল হবে। সংকট কাটার নির্ভরযোগ্য প্রবণতাও দেখা যাচ্ছে না। কয়েক মাস আগেও নীতিনির্ধারকেরা সংকটকে স্বীকার করেছেন। কিন্তু এখন তাদের মধ্যে যেন একধরনের তুষ্টি ফিরে এসেছে। সংকট থাকা অবস্থায় যদি তারা বলেন, সংকট নেই- এটাই তো বড় সংকট। রপ্তানি আয় ছাড়া অন্য কোনো সূচকে সংকট কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। তার মতে, উচ্চ মূল্যস্ফীতি এখন অন্যতম চ্যালেঞ্জ। প্রবাসী আয় বাড়লেও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই। তাই আমদানির ওপর নিয়ন্ত্রণ তুলে দেওয়ার মতো অবস্থাও নেই।











