সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ মাস ধরে শরীরে বুলেট নিয়ে মৃত্যুর সঙ্গে বসবাস!

news-image

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : প্রায় ১৪ মাস ধরে শরীরে এক খণ্ড বুলেট নিয়ে প্রতিদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ অন্তর ঢালী (২২)। অসহনীয় যন্ত্রণা, কর্মক্ষমতা হারানো জীবন, অভাবী পরিবারের হতাশা—সব মিলিয়ে তার দিন কাটছে বেঁচে থেকেও অর্ধমৃতের মতো। বিদেশে উন্নত চিকিৎসাই একমাত্র সমাধান, কিন্তু সেই পথ এখনো অন্ধকার।

এই দুঃসময়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল মনে করছেন, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দেশবরেণ্য শিল্পপতি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী-সাবেক এমপি এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা, যিনি মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনের এমপি প্রার্থী, যদি মানবিক দায়িত্বে অন্তরের চিকিৎসার ভার নিতেন, তবে শুধু একজন আহত তরুণই নতুন জীবন পেতেন না, রাজনীতিতে জন্ম নিত সহমর্মিতার এক বিরল নজির।

২০২৪ সালের ৪ আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র তিন সপ্তাহ আগে। মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা। খবর আসে—সিপাহীপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা শহরগামী ছাত্রদের গাড়ি থামিয়ে মারধর করছে, ফিরিয়ে দিচ্ছে। খবর শুনে অন্তর তার চাচাতো ভাই সাব্বির ঢালীসহ কয়েকজন প্রায় ৩-৪ কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে যান।

দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের মুহুর্মুহু গুলির মুখে পড়েন অন্তর। এক গুলি তার ডান পায়ের উরুতে, যৌনাঙ্গের পাশে গিয়ে লাগে। মুহূর্তেই রক্তে ভিজে অচেতন হয়ে পড়েন। চাচাতো ভাই ও অন্যরা তাকে ধরে হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতি ও আওয়ামী লীগের অবস্থান দেখে পরিবার সদর থেকে সরাসরি না গিয়ে শ্রীনগর হয়ে মিটফোর্ড হাসপাতালে নেয়। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে, কিন্তু শেষমেষ ঢাকায় মেডিকেলে ভর্তি করা হয়। পরদিন বুলেট বের না করেই তড়িঘড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অন্তরকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যান। চিকিৎসকেরা স্পষ্ট করে বলেন—দেশে অপারেশন করলে পঙ্গুত্বের ঝুঁকি, না বের করলে ক্যান্সারের আশঙ্কা; বিদেশে উন্নত ব্যবস্থায় অপারেশন করলেই কেবল নিরাপদভাবে সুস্থ হওয়া সম্ভব।

অন্তরের আক্ষেপ, “বিদেশে নিয়ে গেলে বাঁচতে পারবো আমি, কিন্তু সে ব্যবস্থা করবে কে? একমাত্র সরকারই পারত, কিন্তু প্রায় ১৪ মাসে তারা কিছুই করল না।”

পিতা হানিফ ঢালী প্রায় দৃষ্টিহীন, দিনমজুরির কাজ করতে পারেন না নিয়মিত। তিনি বলেন, “আহত হওয়ার আগে অন্তর ওয়েল্ডিং করতো, এখন ব্যথায় সারাদিন শুয়ে থাকে। আয় বন্ধ, চিকিৎসা তো দূরের কথা।”

মা পারভীন বেগমের গলা কেঁপে ওঠে, “আমরা নিজেরাই চলতে পারি না, ছেলেকে বিদেশে পাঠাবো কেমনে? সরকার যদি প্রতিশ্রুত স্বীকৃতির মতো চিকিৎসার প্রতিশ্রুতিও রাখতো!”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা জাহিদ হাসান বলেন, “অন্তর ঢালী আমাদের গর্বিত ‘জুলাই যোদ্ধা’। দেশে অপারেশন করলে জীবনের ঝুঁকি আছে, তাই এখনো করা হয়নি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ছাড়া বিকল্প নেই।”

প্রায় ১৪ মাস ধরে শরীরে বুলেট নিয়ে দিন কাটানো অন্তরের একটাই আর্জি, “সরকার কিংবা সমাজের প্রভাবশালী কেউ যেন প্রতিশ্রুত স্বীকৃতির সঙ্গে প্রতিশ্রুত চিকিৎসাও দেয়।”

আর স্থানীয়দের প্রত্যাশা, মানবিক উদাহরণ গড়তে মিজানুর রহমান সিনহা যেন এখনই উদ্যোগ নেন। সময় পেরিয়ে গেলে হয়তো এই তরুণকে আর বাঁচানো যাবে না।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার