ইসলামে লজ্জার গুরুত্ব ও মর্যাদা
বেলায়েত হুসাইন: পৃথিবীতে যেকোনও বিশ্বাস ও আদর্শের সমাজই হোক না কেন, সেখানে নিজস্ব সামাজিকতা, জীবনযাপন, আচার-ব্যবহার, লজ্জা, পোশাক এবং কথা বলার ধরন ইত্যাদি বিষয়ের অলিখিত হলেও সুনির্দিষ্ট নিয়ম-কানুন থাকে। আর ইসলাম যেহেতু স্বতন্ত্রভাবেই পূর্ণাঙ্গ জীবনবিধান, তাই এই বিধান ইসলামের মৌলিক শিক্ষাগুলোর (আকিদা, ইবাদত ও নৈতিকতা) মধ্যেই বিদ্যমান।
ইসলামের নৈতিক ব্যবস্থা কেবল ব্যক্তিগতভাবেই একজন মুসলমানের সৌভাগ্যের কারণ নয়; বরং আল্লাহর হক ও বান্দার হকের সংরক্ষণভিত্তিক একটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন সমাজ প্রতিষ্ঠারও নিশ্চয়তা দেয়।
শুধু তাই নয়; ইসলামের লজ্জা ও পর্দার বিধান এবং পবিত্রতা ও সতীত্বের ব্যবস্থা, এ সবই মূলত ইসলামের সামগ্রিক নৈতিক ব্যবস্থারই অংশ। সমাজে পবিত্রতা, সতীত্ব, লজ্জাশীলতা এবং পর্দা রক্ষার বিধান কেবল কিছু কাপড় পরার নাম নয়; বরং এর ভিত্তি হলো লজ্জা নামক গুণের ওপর।
মহানবী (সা.) লজ্জাকে একটি নৈতিক মূল্যবোধ হিসেবে আখ্যা দিয়েছেন, এমনকি একে ঈমানের একটি অপরিহার্য অংশ হিসেবে ঘোষণা করেছেন এবং বলেছেন, ‘লজ্জা হলো ঈমানের ফল, আর ঈমানের গন্তব্য হলো জান্নাত। বিপরীতে নির্লজ্জতা ও বেহায়াপনা হলো পাপাচারের অন্তর্ভুক্ত, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে টেনে নেয়।’ (তিরমিজি, মুসনাদে আহমদ)
আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সা.) ঈমান ও লজ্জার মধ্যকার পারস্পরিক অপরিহার্য সম্পর্ক বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ‘লজ্জা ও ঈমান সর্বদা একসঙ্গে ও পাশাপাশি থাকে। যখন এই দুটির মধ্য থেকে যে কোনও একটি চলে যায়, তখন অন্যটিও চলে যায়।’ (মুস্তাদরাকে হাকিম)
অর্থাৎ যেখানে ঈমান থাকবে সেখানে লজ্জাও থাকবে, আর যখন লজ্জা চলে যাবে তখন ঈমানও স্বয়ংক্রিয়ভাবে চলে যেতে থাকবে। লজ্জা ও ঈমান পরস্পরের জন্য অপরিহার্য ও অবিচ্ছেদ্য। আসল কথা হলো– লজ্জার ধারণা ও দর্শন অত্যন্ত বিস্তৃত ও সামগ্রিক; যা শুধু বাসনা ও গোনাহ থেকে বিরত থাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও ইচ্ছার বিরুদ্ধে সব ধরনের কাজ ও কথা থেকেও বিরত থাকা আবশ্যক।
বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) সাহাবায়ে কেরামকে বললেন, ‘আল্লাহ তায়ালা থেকে লজ্জা করো, যেমনটি তাকে লজ্জা করার উচিৎ।’ সাহাবাগণ বরলেন, ‘হে আল্লাহর রাসুল, আমরা আল্লাহ থেকে লজ্জা করি।’
ইসলামে পবিত্রতা ও সতীত্বের ব্যাপক ধারণাকে সুদৃঢ় করতে লজ্জার সর্বব্যাপী দিকগুলোকে বিভিন্ন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। যেমন- একবার রাসুল (সা.) বলেন, ‘নবুওয়তের বাণী থেকে যা মানুষদের কাছে পৌঁছেছে, তাতে এই কথাও রয়েছে যে, তোমাদের মধ্যে যখন লজ্জা থাকবে না, তখন তোমরা যা ইচ্ছা করবে করো।’ (বুখারি শরিফ) মানে– লজ্জাহীন ব্যক্তি পশুর মতো, কারণ, পশু কোনও কাজ করার ক্ষেত্রে কোনও বাধা বা লজ্জা অনুভব করে না।
রাসুল (সা.) লজ্জাকে ঈমানের একটি শাখা হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘ঈমানের ৭০টি শাখা রয়েছে, যার মধ্যে সবচেয়ে উত্তম হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সবচেয়ে নিচু হলো রাস্তায় পড়ে থাকা কষ্টকর বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাও ঈমানের একটি শাখা।’ (বুখারি ও মুসলিম)
একইভাবে লজ্জার গুরুত্ব বর্ণনা করে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যেসব স্থানে লজ্জা থাকে, তা ওই স্থানটিকে শোভিত করে রাখে। পক্ষান্তরে যেখানে লজ্জাহীনতা থাকে, তা সেখানটাকে কুৎসিত করে তোলে।’ (তিরমিজি শরিফ)
অন্যান্য ধর্মের তুলনায় লজ্জাকে ইসলামের বিশেষ গুণ বা অনন্য বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করার মানে হলো, তা এ কথার ইঙ্গিত দেয় যে, ইসলামের দৃষ্টিতে নৈতিকতার গুরুত্ব ও মর্যাদা অনেক উঁচুতে।
লজ্জা মানুষকে পবিত্র, সংযমী ও মর্যাদাশীল করে তোলে। লজ্জার বিপরীত হলো ‘বেহায়াপনা’ (লজ্জাহীনতা), যা লজ্জাহীন ব্যক্তির কথায়-কাজে প্রকাশ পায়। বেহায়াপনা মানুষের চিন্তা থেকে শুরু হয়ে ধীরে ধীরে পরিবার, বন্ধু-আত্মীয় থেকে সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এখান থেকেই প্রতিটি দুঃশাসন ও অন্যায়ের সূত্রপাত হয়।
এ জন্য কোরআন ও হাদিসে বার বার লজ্জার আবরণে আবৃত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বেহায়াপনা ও লজ্জাহীন কাজ থেকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘…তোমরা প্রকাশ্য বা গোপন কোনও অশ্লীলতার কাছেও যেও না…।’ (সুরা আনআম, আয়াত : ১৫১) কারণ, লজ্জাহীনতা হলো, শয়তানের অস্ত্র, যার মাধ্যমে সে আল্লাহর বান্দাদের বদকর্ম গোনাহের প্রতি প্রলোভন দেখায় ও আকৃষ্ট করে এবং বেহায়াপনার মায়াবী দৃশ্য উপস্থাপন করে। ফলে যেসব বান্দার ঈমান দুর্বল থাকে, তারা সহজেই শয়তানের কূটচালনা ও ফাঁদে পড়ে জাহান্নামের পথে পা বাড়ায়।
লজ্জা ও পর্দাশীলতা এমন একটি গুণ, যা শুধু মানুষের মধ্যেই বিদ্যমান। পশু ও মানুষের মাঝে যে মৌলিক পার্থক্য, তার মূল ভিত্তিই হলো এই লজ্জাবোধ। যদি মানুষের ভাষা, আচরণ, চলাফেরা এবং স্বভাব-চরিত্র থেকে লজ্জা ও পর্দার গুণ বিলীন হয়ে যায়, তাহলে তার অন্যান্য সমস্ত সৎগুণও ধ্বংস হয়ে যায়।
এটিও একটি কঠিন সত্য, যখন পুরুষদের নৈতিকতা ও চরিত্র ভেঙে পড়ে, তখন গোটা সমাজে অবক্ষয় শুরু হয়। আর যদি এই লজ্জাহীনতার রোগ নারীদের ছড়িয়ে যায়, তখন পুরো প্রজন্মই ধ্বংসের মুখে পতিত হয়। লজ্জাশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর রক্ষা, আর সতর রক্ষার সর্বোত্তম উপায় হলো শালীন পোশাক। ইসলামি সংস্কৃতি ও নৈতিকতায় সতর রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাক শুধু দেহ আবৃত মাধ্যম নয়; বরং এটি একজন ব্যক্তির পরিচয়, তার সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলনও বটে। একজন মুসলমানের পোশাক হতে হবে এমন, যা পর্দাশীলতা, শালীনতা এবং ঈমানদারির পরিচয় বহন করে।











