হাসপাতাল-মর্গ ঘুরেও রাইসা-নিধিকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা
ইউসুফ সোহেল
সকাল থেকেই স্কুলে না যাওয়ার জেদ ধরেছিল রাইসা মনি। মা রাবেয়া বেগম অনেক বুঝিয়ে-শুনিয়ে রাজি করায় তাকে। স্কুলের পোশাক পরানোর পর খুনসুটিতে মেতে উঠেছিল শিশুটি। বড় বোন সিনথিয়া চুলে রিবন বেঁধে দেওয়ার সময় আয়নায় নিজেকে দেখে কিছুক্ষণ হাসে রাইসা। মায়ের গালে চুমু দিয়ে টা টা বলে সকাল ৮টার দিকে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে উত্তরার দিয়াবাড়ীর বাসা থেকে দুই বোন রাইসা ও সিনথিয়া হাত ধরাধরি করে বেরিয়ে যায় স্কুলের পথে। প্রতিদিনের মতো বাবার সঙ্গে রিকশাযোগে তারা ঠিক সময়ে পৌঁছায় ক্লাসরুমে। কিন্তু কে জানত, এই যাওয়াই হবে বাবা-মায়ের আদরের সোনামণি রাইসার শেষ যাওয়া, সবাইকে কাঁদিয়ে ছুটির আগেই চলে যাবে চির ছুটিতে!
গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় বড় বোন সিনথিয়া, সে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকেই রাইসাকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছাড়াও
মর্গগুলোয় হন্যে হয়ে খুঁজেছেন পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাইসাকে পাওয়া যায়নি। শুধু স্কুলের মাঠে সন্ধান মিলেছে তার খাতা আর ব্যাগের। স্বজনদের ধারণা, বিমান বিধ্বস্তের পর আগুনের তাপে গলে ম- আকৃতি নেওয়া ছয়টি লাশের মধ্যে রাইসার লাশ থাকতে পারে। কিন্তু ডিএনএ টেস্টের আগে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট চিকিৎসকরা।
রাইসার বাবা গার্মেন্ট ব্যবসায়ী শাহাবুল হোসেন বলেন, রাইসা সেদিন সকালে হাতে চুমু দিয়ে স্কুলে ঢুকতে ঢুকতে বলছিল- আব্বু তাড়াতাড়ি এসো, অপেক্ষায় রেখো না। আমি তো যথাসময়ে ঠিকই আসলাম, কিন্তু মেয়েটা আমাকে অপেক্ষায় রেখে কই গেল? তার লাশটাও পেলাম না। আমি কী জবাব দেব রাইসার অপেক্ষায় থাকা তার ছোট ভাই রাফিকে (৫)? মেয়ের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। তাকেও সান্ত¦না দেওয়া ভাষা নেই আমাদের। ভারী গলায় কথাগুলো বলার সময় শাহাবুল হোসেনের চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল শোকের অশ্রু।
শুধু রাইসাই নয়, মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের পর থেকে খোঁজ মিলছে না স্কুলটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধিরও। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশও হাতে পাননি স্বজনরা।
এমন আরও কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মিলছে না বলে জানিয়েছেন তাদের স্বজনরা। গত সোমবার সকালে যে মায়েরা তাদের প্রিয় সন্তানের লাঞ্চবক্সে ভরে দিয়েছিলেন তার পছন্দের খাবার; এখন সেই সন্তানের খোঁজে হাসপাতালের করিডোর থেকে করিডোরে ছুটে বেড়াচ্ছেন সন্তানের নিথর মুখটা একবার ছুঁয়ে দেখার জন্য।
ওয়াকিয়া ফেরদৌস নিধির ভাই ফারুক হাসান জানান, বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই ওয়াকিয়াকে পাওয়া যাচ্ছে না। ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, কুয়েত মৈত্রী মেডিক্যাল কলেজসহ সব হাসপাতাল ও মেডিক্যাল মর্গে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি। আগুনে নিহত কয়েকজনের গলে যাওয়া লাশ পাওয়া গেছে। আমাদের ধারণা, সেখানে ওয়াকিয়ার লাশ রয়েছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশটুকুও বুঝে পাইনি।
গতকাল সন্ধ্যায় রাইসা মনির মামা সাগর হোসেন বলেন, সোমবার দুপুরে রাইসা ক্লাসেই ছিল। ওর বড় বোন স্কুল ছুটি শেষে ১টার কিছু পরই বাসায় চলে যায়। ক্লাসের পর দুপুর দেড়টা থেকে রাইসার কোচিং ছিল। মেয়েটা সেদিন স্কুলে আসতে চাইছিল না; এক প্রকার জোর করেই তাকে পাঠানো হয় স্কুলে। ও না এলে আজ তাকে হারাতে হতো না বলে আহাজারি করছেন তার মা। হয়তো এটাই বিধির ইচ্ছা ছিল বলেও তাকে বোঝানো যাচ্ছে না। বিমান দুর্ঘটনার খবর শুনেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। রাতভর বিভিন্ন হাসপাতালে খুঁজেও কোথাও গিয়ে ভাগনির খোঁজ পাইনি। মঙ্গলবার স্কুলে এসে তার খাতা আর ব্যাগ পেলেও তার লাশ পাইনি। ধারণা করছি, গলে যাওয়া লাশের মধ্যে ভাগনির লাশও রয়েছে। আমরা রাইসার শেষ সম্বলটুকু চাই। ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক, আমরা ওর কাপড়টুকু পেলেও সন্তুষ্ট থাকব।
এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের মরদেহ সরিয়ে সরকারের সংশ্লিষ্টরা লাশের সংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিদ্যাপিঠটির শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে বিক্ষোভরত শিক্ষার্থীরা গুরুতর এই অভিযোগ তোলেন। তারা সেøাগানে সেøাগানে জানতে চায়- ‘তাদের ভাই-বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন? ?দুর্ঘটনার এত ঘণ্টা পার হয়ে গেলেও কেন প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না সরকার? শিক্ষার্থীরা লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে সংশ্লিষ্টদের আলটিমেটাম দেয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামবে বলেও হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত নাজিয়া আর প্রথম শ্রেণিতে পড়ত নাফি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দুপুরে আহত দুজনকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানেই চিকিৎসাধীন মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে মারা যায় নাজিয়া। তার ছোট ভাই নাফি এখনও দগদগে পোড়া ঘা নিয়ে বার্ন ইনস্টিটিউটের বিছানায় কাতরাচ্ছে। গতকাল নাফির বাবা আশরাফুল ইসলাম নীরবের বন্ধু আনোয়ার হোসেন জানান, নাজিয়া ও নাফি বাবা-মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত। বিমান দুর্র্ঘটনার পর তছনছ হয়ে গেছে পরিবারটি। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা। মঙ্গলবার বিকালে কামারপাড়ায় নাজিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নাফির জন্য বিধাতার কাছে তারা আহাজারি করে প্রাণভিক্ষা চাইছেন।
জানা গেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের যে ছয়টি লাশ চিহ্নিত করা যায়নি, থানায় জিডি করার পর সেগুলো গতকাল সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ডিএনএ সংগ্রহের জন্য পাঠানো হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্যমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের যেসব লাশ চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখানে মারা যাওয়া ছয়জনের দেহাবশেষ চিহ্নিত করা যায়নি। তবে নিখোঁজ চারজনের খোঁজে পরিবারের লোকজন এসেছে। তাদের ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











