জনপ্রশাসন সংস্কারে হচ্ছে স্থায়ী কমিশন
দুর্নীতি ও দলীয়করণের শাসনব্যবস্থা সংস্কারে বড় উদ্যোগ
দীর্ঘদিনের অবহেলা, দুঃশাসন ও রাজনৈতিক প্রভাবের কবলে পড়ে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশের জনপ্রশাসন এখন চরম এক অনাস্থা ও অকার্যকারিতার সংকটের মধ্যে রয়েছে। এই পটভূমিতে অন্তর্বর্তী সরকার একটি স্থায়ী ও স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পথে এগোচ্ছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে গত সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি সূত্রে জানা গেছে, এরই মধ্যে জনপ্রশাসন কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যার মাধ্যমে উপজেলা পরিষদকে শক্তিশালী করাসহ প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি করা হবে।
চলমান সংকটে জনপ্রশাসনের সংস্কার এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের প্রশাসনিক কাঠামো একদিকে যেমন অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত, অন্যদিকে দলীয়করণ ও আমলাতান্ত্রিক জটিলতায় জর্জরিত। ফলে নাগরিকদের প্রতি প্রশাসনের দায়বদ্ধতা ও সেবার মান আশঙ্কাজনকভাবে কমে গেছে।
চ্যালেঞ্জের চক্রব্যূহে সংস্কার: লোকপ্রশসান বিশেষজ্ঞ অধ্যাপক রেজাউল করিম চৌধুরী আমাদের সময়কে বলেন, জনপ্রশাসন সংস্কারের পথে এগিয়ে যেতে হলে সরকারকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ক্ষমতাসীন দলগুলো প্রশাসনকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই বেশি আগ্রহী। ফলে তারা একটি স্বাধীন ও শক্তিশালী প্রশাসন গড়ার চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারেই ব্যস্ত থাকে।
তিনি আরও বলেন, দ্বিতীয় সমস্যা আমলাতান্ত্রিক প্রতিরোধ। ঔপনিবেশিক মনোবৃত্তিতে গড়ে ওঠা আমলারা যে কোনো পরিবর্তনকে নিজেদের স্বার্থে হুমকি মনে করেন। ফলে তারা সংস্কারের প্রয়াসকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাহত করে থাকেন।
তার মতে তৃতীয় চ্যালেঞ্জটি হলো- আন্তঃক্যাডার বৈষম্য ও দ্বন্দ্ব। প্রশাসন ক্যাডার বনাম অন্যান্য পেশাগত ক্যাডারদের মধ্যে বৈষম্য এতটাই প্রকট যে, একটিকে প্রাধান্য দিলে আরেকটি ক্ষুব্ধ হয়। এমন একটি বৈরী পরিস্থিতিতে সামগ্রিক সংস্কার এগিয়ে নেওয়া কঠিন।
চতুর্থত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও দক্ষতার অভাব। প্রশাসনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা ও কর্মদক্ষতা বাড়ানোর পর্যাপ্ত অবকাঠামো না থাকায় অনেক ক্ষেত্রেই সংস্কারের সুফল বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়।
পঞ্চমত, নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা। সিটিজেন চার্টার থাকলেও বাস্তবে জনগণের মতামত ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে প্রশাসনিক সেবা দেওয়ার মানসিকতা এখনও গড়ে ওঠেনি।
সম্ভাবনার আলো: তবে আশার কথা হলো, বর্তমান সরকার গণশুনানি, বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনপ্রশাসনে জনসম্পৃক্ততা বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে নির্বাচিত উপজেলা পরিষদকে কার্যকর করার প্রস্তাব, গণশুনানির জন্য সংশোধিত পরিপত্র জারি এবং সচিব পর্যায়ে উচ্চ কমিটি গঠনের সিদ্ধান্ত, চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসবই একটি দীর্ঘমেয়াদি সংস্কারের ইঙ্গিত দিচ্ছে।
অধ্যাপক রেজাউল করিম মনে করেন, এই মুহূর্তে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মাধ্যমেই শুধু নাগরিকমুখী, জবাবদিহিমূলক ও দক্ষ প্রশাসনের ভিত্তি গড়ে তোলা সম্ভব। তবে এ প্রয়াস সফল করতে হলে প্রয়োজন হবে দৃঢ় অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সর্বোপরি জনগণের সক্রিয় অংশগ্রহণ। তা না হলে আরেকটি সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়ে অতীতের মতোই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে।
কেন এই সংস্কার: স্বাধীনতার পর থেকে প্রায় ১৭টি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন হলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। ফলে প্রশাসনে একদিকে যেমন দুর্নীতি বিস্তৃত হয়েছে, অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণ ও সেবাদানের গতি স্থবির হয়ে পড়েছে।
বর্তমানে মাঠ প্রশাসনে ক্ষমতার ভারসাম্যহীনতা, স্থানীয় সরকারব্যবস্থা অবহেলিত, ক্যাডার বিভাজন প্রকট- এসবই একটি দীর্ঘকালের সংস্কারবিমুখ শাসনব্যবস্থার পরিণতি। সংবিধানে জনগণকে সেবাদানের অঙ্গীকার থাকলেও বাস্তবে নাগরিকরা হয়রানি ও সেবাবঞ্চনার শিকার হচ্ছেন।
জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মেধাবী কর্মকর্তারা বাদ পড়ে যাচ্ছেন দলীয় আনুগত্যের অভাবে; আর পক্ষপাতদুষ্ট নিয়োগ, বদলি ও পদোন্নতি প্রশাসনকে দুর্বল করে তুলছে। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য মনিটরিং ব্যবস্থা কাক্সিক্ষত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ।











