রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্য নৃশংসতা ভয় বাড়াচ্ছে জনমনে

news-image

সাজ্জাদ মাহমুদ খান
দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নৃশংস হত্যাকা- ও ছিনতাইয়ের ঘটনা জনমনে আতঙ্ক ও ভয় বাড়াচ্ছে। পাথরে শরীর থেঁতলে দেওয়া, প্রকাশ্যে পিটিয়ে হত্যা কিংবা রাজপথে অস্ত্র ঠেকিয়ে অর্থের পাশাপাশি জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেওয়া সাধারণ মানুষের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এ ছাড়া মাদক ও পারিবারিক বিরোধেও হত্যাসহ নৃশংস অপরাধ ঘটছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাব আর মাঠ পুলিশের নিষ্ক্রিয়তায় লোমহর্ষক অপরাধ ভয় জাগাচ্ছে। যদিও সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে, দেশে বড় ধরনের সহিংস অপরাধ বাড়েনি।

বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীর মধ্যে ভয়হীনতার বোধ সৃষ্টি হলে অপরাধের মাত্রায় নৃশংসতা বাড়ে। নিজেদের ক্ষমতা আর প্রভাবের জানান দিতে অপরাধীরা বড় ধরনের নৃশংসতা ছড়ায়। এসব ভয়াবহতা ঠেকাতে হলে আইনের সঠিক প্রয়োগ, অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।

সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. তৌহিদুল হক আমাদের সময়কে বলেন, ভয়ের পরিবেশ সৃষ্টির করতে নৃশংস ধরনের অপরাধ ঘটানো হচ্ছে। ৫ আগস্টের পর মব সন্ত্রাস থেকে শুরু করে অধিকাংশ অপরাধের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধীর রাজনৈতিক পরিচয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাহিনীকে দোদুল্যমান অবস্থায় দেখা যাচ্ছে। কী ধরনের ব্যবস্থা নেবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে তারা। কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারায় হত্যা, ঘরবাড়ি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে।

তৌহিদুল হক বলেন, বর্তমানে অনেক নৃশংস ঘটনা আশপাশের মানুষ প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এসব ঘটনায় কেউ প্রতিরোধ করছেন না, কারণ প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হলে তার পাশে কেউ দাঁড়াবে না। প্রতিরোধকারীর সুরক্ষা দিতে পারছে না সরকার। এ অবস্থায় যে যার মতো করে ভালো থাকার চেষ্টার ফলে সমাজে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু একটি রাষ্ট্রে যতক্ষণ প্রত্যেকের কাছে প্রত্যেকে নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত কেউ কারও কাছে নিরাপদ না।

পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, মাঠ পুলিশের যে ধরনের শেল্টার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া দরকার, সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে থানা পুলিশের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। আইনের দৃষ্টিতে অপরাধ না করেও রাজনৈতিক দাবির মুখে কিছু ক্ষেত্রে বদলিসহ বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হচ্ছে। ফলে মাঠ পুলিশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিচ্ছে না তারা। রাজনৈতিক সরকারের অপেক্ষায় কোনোমতে নিরাপদে সময় পার করার চেষ্টা করছে।

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামালের আড়তের এক দোকানি বলেন, পাথর দিয়ে মারার (মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা) ভিডিও ফেসবুকে দেখে এক রাত ঘুমাতে পারি নাই। এমন ঘটনা আগে কোথাও দেখি নাই। ছিনতাইকারীরা জামা-কাপড় খুলে নিয়ে যাচ্ছে। এটা দেখার পর তো রাস্তায় নামতে ভয় লাগে। যে কোনো সময় তো আমার ওপরও এমন ঘটনা ঘটতে পারে। ভোরে ভয়ে ভয়ে টাকা-পয়সা নিয়ে মালামাল কিনতে আসি। আবার বিক্রি শেষে ভয়ে ভয়ে বাসায় যাই।

এ ধরনের ঘটনা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা অসহিষ্ণু হয়ে গেছি। এ জন্য অপরাধ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এদিকে, গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছেÑ এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।

তবে প্রেস উইংয়ের সরবরাহ করা পুলিশের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, হত্যা, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো বড় অপরাধের ঘটনা বেড়েছে। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ডাকাতির সংখ্যা ছিল ৩০২টি, ২০২১ সালে ৩০৮টি, ২০২২ সালে ৪০৮টি, ২০২৩ সালে ৩১৯টি ও ২০২৪ সালে ৪৯০টি। তবে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ডাকাতির হয়েছে ৩৬৭টি। ২০২০ সালের খুনের ঘটনা ঘটে ৩৫৩৯টি, ২০২১ সালে ৩২১৪টি, ২০২২ সালে ৩১২৬টি, ২০২৩ সালে ৩০২৩টি, ২০২৪ সালের ৪১১৪টি। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত শহীদের সংখ্যা ৮৬৪ জনকে বাদ দিলে সাধারণ নিহতের সংখ্যা দাঁড়ায় ৩২৫০ জনে। আর চলতি বছরের প্রথম ছয় মাসেই খুন হয়েছে ১৯৩৩ জন। এই হিসাবে প্রতি আড়াই ঘণ্টায় খুন হচ্ছে একজন করে মানুষ। শিশু নির্যাতন ও অপহরণের মতো ঘটনার মামলা গত ৫ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অ্যাসিড নিক্ষেপ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা গত কয়েক বছরের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য হারে কমেছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের