দুই বছরেও শুরু হয়নি বিচার
রহমান জাহিদ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের বহুল আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলায় অভিযোগপত্র দাখিলের দুই বছর পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এ মামলার ৪৭ আসামির মধ্যে ৪৩ জনই জামিনে রয়েছেন।
ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মো. সাজ্জাদ হোসেন ম-ল ওরফে সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (বহিষ্কৃত) ইমতিয়াজ হাসান রুবেল- এই দুই সহোদর কারাগারে রয়েছেন। অন্য দুই আসামি পলাতক রয়েছেন। তারা হলেন- আফরোজা পারভীন ও সোহেলী ইমরোজ পুনম। গত ২৫ জুন চার্জগঠনের শুনানির আদেশ পর্যালোচনায় এমন তথ্যই পাওয়া গেছে।
এ সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেইন বলেন- তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো কোনো আসামির পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশসহ বিভিন্ন কারণে এখনও বিচার শুরু সম্ভব হয়নি। দ্রুত বিচার শুরু করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ।
মামলার পর রুবেল ও বরকত দুই সহোদর গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্তের পর ২০২১ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা আসামি
রুবেল-বরকতসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট দাখিল করেন। এতে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবরকেও আসামি করা হয়।
এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে যায়। ওই আদালতে স্বীকারোক্তিতে নাম থাকার পর বাদ দেওয়া ৪২ জনের মধ্যে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এই দুইজনের নাম বাদ দেওয়া এবং দুই ভাইয়ের যে সম্পত্তি থাকার কথা, চার্জশিটে বলা হয়, সে হিসাবে গরমিল থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত মামলাটি ২০২২ সালের ১ সেপ্টেম্বর অধিকতর তদন্তের আদেশ দেন।
অধিকতর তদন্তে ২০২৩ সালের ২৬ জুন আদালতে আরও ৪৭ জনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়। ২ বছরের বেশি সময় আগে সম্পূরক চার্জশিট দাখিল হলেও এখনও মামলায় চার্জগঠনের শুনানি সম্পন্ন হয়ে বিচার শুরু হয়নি।
জামিনে থাকা আসামি মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের পক্ষে মামলায় তার অংশের কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। সর্বশেষ গত ৪ মার্চ হাইকোর্ট এ স্থগিতের মেয়াদ ৬ মাস বৃদ্ধি করেছেন।
হাইকোর্টের এ স্থগিতাদেশকে হিসাবে ধরে গত ২৫ জুন বিচারিক আদালতের বিচারক মো. রেজাউল করিম আগামী ১১ সেপ্টেম্বর চার্জগঠনের পরবর্তী শুনানির দিন রেখেছেন।
মামলার বিবরণে বলা হয়- আসামি বরকত ও রুবেল ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত আব্দৃস সালাম ম-লের ছেলে। ২০০৮ সাল থেকে বরকত ও রুবেল সহোদর ফরিদপুর জেলার এলজিইডি, বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে, পৌরসভা, জেলা পরিষদ, পাসপোর্ট অফিস, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ একাধিক প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়ন্ত্রণ নিয়ে তাদের লোকজন দিয়ে পরিচালনা করে অবৈধ পন্থায় কোটি কোটি টাকা চাঁদা নিয়ে এবং মাদক ব্যবসা তাদের মনোনীত লোকজন দিয়ে পরিচালনা করে প্রচুর অঙ্কের টাকা অবৈধভাবে অর্জন করেন।
মামলায় বলা হয়- ঢাকা শহরের কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএস, বাড়ি নং-৩১৬, রোড নং-২১, লেভেল নিউ ডিওএইচএসে তারা অফিস ভাড়া করে। তারা সব এলজিইডি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণে নিয়ে চাঁদাবাজি শুরু করেন। দুই দশকের মধ্যে তারা অর্জিত অবৈধ অর্থের দ্বারা সাউথ লাইন যাত্রী পরিবহনের এসি/ননএসি ২৪টি বাস, ১০টি ট্রাক, দুটি পাজেরো, দুটি মাইক্রোবাস, একটি নিশান মিনিবাস কেনেন, যার অধিকাংশ নম্বরহীন। এ ছাড়া একটি গেস্ট হাউস, ৮ হাজার বর্গফুটের ওপর নবনির্মিত বিল্ডিং, বরকত অ্যাগ্রো প্রা. লিমিটেড, মেসার্স এসবি ডেইরি ফার্ম, নর্থ চ্যানেল বাগানবাড়ী, এসবি ব্রিক ফিল্ড, এসবি পাথর ক্রসিং, এসবি প্রেস, এসবি ট্রেডার্স, বরকত কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও একটি পেট্রল পাম্প প্রতিষ্ঠা করে। মামলায় আরও বলা হয়- আসামিরা অবৈধ পন্থায় অর্জিত টাকা দ্বারা উল্লিখিত সম্পদের মালিক হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের সম্পত্তির মূল্য অনুমান ২ হাজার কোটি টাকা।











