রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বার্তায় কেটে গেছে নির্বাচনী সংশয়

news-image

শাহজাহান মোল্লা
লন্ডনে গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর দুই তরফের পক্ষ থেকে যৌথ ঘোষণায় বলা হয়, রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর পর গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তাদের সাক্ষাতে নির্বাচনের সময়কাল নিয়ে আলোচনা হয়েছেÑ এমনটাই ধারণা ছিল দ্রুত নির্বাচনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কিন্তু এ সাক্ষাতের পর কোনো পক্ষ থেকেই নির্বাচনের সময়কাল নিয়ে কিছু বলা হয়নি। সঙ্গত কারণেই এ নিয়ে ফের সংশয় জাগে।

উপরন্তু, সংস্কারের আগে নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামি দলগুলো। এ কারণেও নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় দেখা দেয়।

এর মধ্যেই গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের সময়কাল নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল, প্রধান উপদেষ্টার এ বক্তব্যের পর তা কেটে গেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরেছে, জেগেছে ভোটের আশা। যদিও ‘বছরের শুরুতে’ বলতে প্রধান উপদেষ্টা কোন মাসকে বুঝিয়েছেন, তা পরিষ্কার করেননি।

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রায় এক সপ্তাহ পর মুখ খুলেছেন সিইসি। গতকাল মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। এতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। এর পরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এ দুটি সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে ইসি।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি রয়েছে কোনো কোনো দলের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু বলছেন না। তিনি জাতীয় নির্বাচনের কথাই বলে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন।

প্রধান উপদেষ্টার বার্তা ও নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখে নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটে গেছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম। তিনি আমাদের সময়কে বলেন, যদিও কোনো নির্দিষ্ট তারিখ নেই এবং এটা ইসির কাজ। যদি নির্বাচন কমিশন এ রকম সবুজ সংকেত পেয়ে থাকে যে, বছরের শুরুতে নির্বাচন, তা হলে তো সংশয়ের আর কোনো কারণ নেই। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি এখন আর নেই। বিএনপির মধ্যে যে সংশয় ছিল, সেটাও নেই।

ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তা হলে কীভাবে সংশয় কেটে গেল? এমন প্রশ্নে এই বিশ্লেষক বলেন, দায়িত্ব ইসির। আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় লক্ষ্য করলে দেখা যাবে, তারিখটা নির্বাচন কমিশনই দিয়েছে। নির্বাচন কমিশনই তারিখ ঠিক করবে, এটা তাদের এখতিয়ার। তবে রোডম্যাপটা ঘোষণা করলে আরও পরিষ্কার হয়ে যাবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাতের পর কোনো পক্ষই এ নিয়ে মুখ না খোলায় বিএনপির কেন্দ্রীয় নেতারা আশাহত হন। সে সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ দেখি না। সারাদেশ নির্বাচনে নেমে পড়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে।

সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি আমাদের সময়কে বলেন, লন্ডনের বৈঠক এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে সঙ্গতি রয়েছে। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকে হয়তো নির্বাচন-সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডন বৈঠকে যে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, তার সঙ্গে সিইসির বক্তব্যের সঙ্গতি রয়েছে বলেই মনে হয়। আমি মনে করি সরকার তার প্রতিশ্রুতি রাখবে। আশা করি, নির্বাচন কমিশন অচিরেই একটা ঘোষণা দেবে, যেটাতে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ হবে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের