দীপু মনির আসনে আলোর মুখ দেখেনি একটি প্রকল্পও
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) উড়ে এসে জুড়ে বসেছিলেন ডা. দীপু মনি। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে দলের মধ্যে করেছেন কয়েক ভাগ। তিনবার মন্ত্রী ও একবার এমপি হয়ে নিয়েছেন বড় বড় উন্নয়ন প্রকল্প। কিন্তু নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা অমিল হওয়া এবং লুটপাটের কারণে ওইসব উন্নয়ন প্রকল্প আর আলোর মুখ দেখেনি। তার টাকার মেশিন ছিল ৫ আগস্ট জনতার হাতে নিহত আলোচিত বালুখেকো চেয়ারম্যান সেলিম খান। অন্যদিকে দীপু মনি মন্ত্রী থাকাকালীন তার বাসায় তদবির-বাণিজ্যের হাট বসাতেন দীপু মনির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু।
চাঁদপুরের রাজনীতিতে তৃণমূলে কোনো অবস্থান না থাকলেও শেখ হাসিনার ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে ২০০৮ সালে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন দীপু মনি। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। মন্ত্রী ও এমপি থাকাকালীন ১৫ বছরে রাজনৈতিক মোড়কে নিজস্ব একটি বাহিনী গড়ে তোলেন দীপু মনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে দল থেকে জনপ্রতিনিধি নির্ধারণ করাও ছিল একটি বড় বাণিজ্য। তার এসব অপকর্মের মূলহোতা ছিলেন বড় ভাই ওয়াদুদ টিপু।
দীপু মনির ক্ষমতাবলে তার বড় ভাই জে আর ওয়াদুদ টিপু হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চরে ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তোলেন ‘টিপু নগর’। সেই জমি নিজ নামে দখলে নিয়ে করেন মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজি বাগান। যদিও বিষয়টি জানতে পেরে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি ভূমি উদ্ধারে উদ্যোগ নেন। কিন্তু তাতেই ক্ষিপ্ত হয়ে দীপু মনি ওই জেলা প্রশাসককে নেত্রকোনায় বদলি করেন।
দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে তার বাসায় বসতো তদবির-বাণিজ্যের হাট। সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচাবিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানান পদ। ঘুস-দুর্নীতি ছিল ‘ওপেন সিক্রেট’। শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করার সুযোগে চাঁদপুরে তার বাসায় প্রায়ই চলে আসতেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
দীপু মনি হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় একে একে শহর রক্ষা বাঁধ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। কিন্তু এসব প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৬০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে। সাবেক এই মন্ত্রীর সবচাইতে বড় টাকার মেশিন ছিলেন সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান বালুখেকো সেলিম। নিজ স্বার্থের কারণে তাকে বার বার ডিও লেটার দিয়ে নির্বিচারে পদ্মা-মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন মানুষের জমি।
দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে তার বাসায় বসত তদবির-বাণিজ্যের হাট। সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচাবিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। ঘুস-দুর্নীতি ছিল ‘ওপেন সিক্রেট’। শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করার সুযোগে চাঁদপুরে তার বাসায় প্রায়ই চলে আসতেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
এদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণে তার ভাই টিপুসহ বাহিনীর সদস্যরা বড় দুর্নীতিতে জড়িয়ে পড়েন। একই সময়ে ভাগ-বাটোয়ারা নিয়ে সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েও শহর রক্ষায় স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ প্রকল্প ভেস্তে যায়। এছাড়া দীপু মনির নির্দেশে সেলিম খান পদ্মা-মেঘনায় বালু তুলে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব দুর্নীতির কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেলিম চেয়ারম্যানকে ২৬৭ কোটি ৩৩ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জমা দিতে চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক। দীপু মনির এসব বাণিজ্যে স্থায়ী বাঁধ আর দেখেনি মেঘনা পাড়ের মানুষ।
বিগত সরকারের আমলে বেশ কিছু মেগা প্রকল্প দিলেও কোনোটিই বাস্তবায়ন হয়নি। এসব প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে। অচিরেই এসব প্রকল্প বাস্তবায়ন চান জেলাবাসী এবং বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার দাবি জনগণের।











