মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু, তিন সপ্তাহে ঝরল ১৬ প্রাণ

news-image

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি জানান, এ নিয়ে গত তিন সপ্তাহে কক্সবাজারে পৃথক পাহাড়ধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক দিনে ১০ জনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, ‘বুধবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে টানা মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে সিকদার বাজার এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামের বাড়ির ওপর আকস্মিক পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেয়াল ভেঙে সাইফুলের ঘুমন্ত শিশু চাপা পড়ে। পরে স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

অন্যদিকে নিহত নারী জমিলার পরিবারের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, ‘ভোরে জমিলা আক্তার রান্নাঘরের পাশে ঘুমিয়ে ছিলেন। তাঁর স্বামী আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন। আকস্মিক পাহাড় ধসে পড়লে জমিলা মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

লাশ নিজেদের বাড়িতে রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পাহাড়ধসের কারণে সকাল থেকে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও ফাটল দেখা দিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে আসতে প্রচারণা চালাচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড়ধসে আটজন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুই দিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ