,

আমি কোনো দল খুলছি না, আমার নেত্রী খালেদা জিয়া : হাফিজ উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির বাইরে নতুন কোনো দল করছেন না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ। তিনি বলেন, আমি নতুন কোনো দল করছি না। আমার নেত্রী খালেদা জিয়া।

বুধবার (৮ নভেম্বর) বনানীতে নিজ বাসায় বিএনপিতে থাকা না থাকা এবং আগামী নির্বাচন ভাবনা নিয়ে নিজের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন তিনি। হাফিজ বলেন, রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। বিএনপির রাজনীতি থেকেও দূরে আছি। শারীরিক অবস্থা ভালো নয়।

তিনি বলেন, আমাকে নিয়ে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী, তিনি বাইরে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। বেগম জিয়ার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে, শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।

আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই উল্লেখ করে হাফিজ বলেন, খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচনে অংশ নেব।

আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ নেওয়া উচিৎ বলেও মনে করেন দলটির এই ভাইস চেয়ারম্যান।

বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে হাফিজ বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ১১টি অভিযোগে। বলা হয়, দলের নির্দেশ ছাড়া সরকারবিরোধী মিছিলে যোগ দেওয়ার কারণে নোটিশ দেওয়া হয়েছে। যদিও আমি শওকত মাহমুদের সঙ্গে কোনো মিছিলে যোগ দিইনি। তার সঙ্গে কোনো যোগাযোগ আগেও ছিল না, এখনও নেই। তারপরও আমার বিরুদ্ধে অভিযোগ।

তিনি আরও বলেন, চিঠির জবাব দেওয়ার পর আমি জানি না, সে চিঠি গ্রহণ করা হয়েছে নাকি বাতিল হয়েছে। এমন আচরণ আমি ডিজার্ভ করি না। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে বিএনপি এত বছর ধরে ক্ষমতার বাইরে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দীন।