,

বড় হচ্ছে না ১৪ দলীয় জোট

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বে ২৩ দফার ভিত্তিতে গঠিত ১৪ দলীয় জোট আর বড় হবে না। সঙ্গত ও যোক্তিক কোনো জটিলতা সৃষ্টি না হলে এ জোট ছোটও হবে না বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন জোটের অন্যতম শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি।

আদর্শিক এ জোটে নতুন কোন দলের অন্তর্ভুক্তির ব্যাপারে নানা আলোচনা থাকলেও আজ রবিবার ১৪ দলীয় জোটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি এ নিয়ে আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীও জানিয়েছেন ১৪ দলীয় জোট বড় হবে না।

বৈঠকে উপস্থিত জোটের একাধিক নেতা এ তথ্য জানিয়ে বলেন, জোটের এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর বিশদ আলোচনা হয়েছে। দ্রব্য মূল্য বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ১৪ দল। জোটের পক্ষ থেকে দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক করা ও বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ আলোচনার ভেতরেই জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং-সিটিং ও নানা আলোচনা হতে পারে। তার মানে এই নয় যে, এ দল ১৪ দলে অন্তর্ভুক্ত হচ্ছে।

১৪ দলীয় জোটের এক নেতা আমুর উদ্ধৃতি দিয়ে বলেন, নির্বাচনে যাতে বেশি দলের অংশগ্রহণ ঘটে সরকার প্রধান সেই চেষ্টা করছেন। ১৪ দলও তাই চায়। তার উদ্দেশ্য জোটে ঢোকানো নয়। এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই।

বৈঠকে আরও আলোচনা হয়, বিএনপি নির্বাচনে আসলেও জোটগতভাবেই আগামী নির্বাচন করবে, না আসলেও জোটগতভাবেই নির্বাচন হবে। এ ক্ষেত্রে আসন ভাগাভাগি নিয়ে দফা রফা হবে।

১৪ দলীয় জোটের আরেক নেতা বলেন, এই সময়ে আসন ভাগাভাগির বিষয় নিয়ে জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আলোচনা তুললে সে আলোচনা এখন নয় জানিয়ে বক্তব্যেও রাশ টেনে ধরেন ১৪ দলের সমন্বয়ক আমু।

বৈঠকে জোটগতভাবে সারা দেশে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্তও নেওয়া হয়। এরই অংশ হিসেবে ৬ জুন মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ঠিক করা হয়েছে জোটের এ সভায়। এরপর ধারাবাহিক কর্মসূচির দিনক্ষণও ঠিক করবে তারা।

বৈঠকে উপস্থিত ১৪ দলীয় জোটের একাধিক নেতা আমির হোসেন আমুর উদ্ধৃতি দিয়ে আরও বলেন, আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অনেক দলকে নির্বাচনে আনতে প্রয়োজনে ভিন্ন কোনো ফ্রন্ট হলেও হতে পারে। সেটা নির্বাচনী জোট হবে। আদর্শিক জোট নয়। এর আগেও জাতীয় নির্বাচনে মহাজোট হয়েছে, সামনেও তেমন কিছু হতে পারে। কিন্তু ১৪ দলে যুক্ত করে নয়। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত