সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে ছাড় নয়

news-image

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রামে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কোনো বাধা দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় করবে। তবে আন্দোলনের নামে অতীতের মতো অগ্নিসন্ত্রাস করলে ছাড় পাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ের পেছনে দলের দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে তিনি দলের সংসদ সদস্যদের সতর্ক করে দেন।

গতকাল বুধবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এসব বিষয়ে আলোচনা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বৈঠকে দলীয় উপনেতা নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী
বলেন, দীর্ঘদিন পর সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন। নির্বাচন সামনে রেখে আমাদের জনগণের দ্বারে দ্বারে যেতে বলেছেন। অভ্যন্তরীণ কোন্দল মেটাতে বলেছেন।

জানা গেছে, সভার শুরুতে সংসদে দলের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন। এর পর দলের বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক এমপি বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলেছেন।

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কোনো বাধা দেওয়া হবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় করবে। তবে আন্দোলনের নামে অতীতের মতো অগ্নিসন্ত্রাস করলে ছাড় পাবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সংসদ সদস্যকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সম্মেলন। আমার কাছে তথ্য আছে অনেক জায়গায় এমপিরা, জেলা উপজেলা সম্মেলন করতে দেন না। নিজেরাও দায়িত্বশীল হয়ে সম্মেলন করেন না। সংসদ সদস্যদের এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। দ্রুত এসব জায়গায় সম্মেলন করতে হবে। জাতীয় সম্মেলনের আগে এসব জায়গায় সুন্দরভাবে সম্মেলন অনুষ্ঠান দেখতে চাই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে এমন ইঙ্গিত দিয়ে সরকারপ্রধান বলেন, নির্বাচন সব সময় চ্যালেঞ্জিং। এবার আরও বেশি চ্যালেঞ্জের হবে। দেশের মানুষ খুবই বিস্মৃতি। আমরা যেসব উন্নয়ন করি তারা উন্নয়নের কথা ভুলে যায়। মানুষকে সরকারের উন্নয়নের কথা বারবার মনে করিয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি স্থানীয় পর্যায়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো তদারকি করার জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, যেসব উন্নয়ন কাজগুলো চলছে সেটা যেন ঠিকমতো হয় তা দেখতে হবে। বৈঠকে উপস্থিত সরকার দলের একজন এমপি জানান, বিভিন্ন সময় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের যেসব প্রার্থী পরাজিত হয়েছে। তার জন্য দলীয় নেতাকর্মীর বিরোধিতার কথা উল্লেখ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমি নৌকার মনোনয়ন দিয়েছি। কিন্তু অনেক নেতা আমার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। তাদের কারণে অনেক জায়গায় নৌকা হেরে গেছে। নৌকাকে যারা হারিয়েছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।

সূত্র জানায় হুইপ আতিউর রহমান আতিক তার বক্তব্যে এসব এলাকায় উন্নয়ন কাজের সমবণ্টন হচ্ছে না বলে বক্তব্য তুলে ধরেন। তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট মন্ত্রীদের উদ্দেশ করে উন্নয়ন কাজে নিজের এলাকাতে প্রাধান্য না দিয়ে সব এলাকার দিকে নজর দেওয়ার অনুরোধ করেন।

মন্ত্রীদের উদ্দেশ করে বলেন, উন্নয়ন কাজ হলেই নির্বাচনে আমরা আবার জয়ী হব। আমরা জয়ী হলে দল ক্ষমতায় আসবে। আর দল ক্ষমতায় এলে আপনারা আবার মন্ত্রী হবেন।

এদিকে কয়েকজন সংসদ সদস্য বক্তব্যকালে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা বলেন, অনেকে নৌকা নিয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হওয়ার পর। আমাদের মূল্যায়ন করে না। তারা আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়। স্থানীয় পর্যায়ের দলীয় সম্মেলনে আমাদের গুরুত্ব দেওয়া হয় না।

ঢাকার এমপি ও ব্যবসায় সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বক্তব্যকালে আমলাদের বিরুদ্ধে ক্ষোভের কথা জানান। তিনি বলেন, আমলা এবং এনবিআরের কর্মকর্তাদের জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। তারা ব্যবসা করতে পারছেন না। ব্যবসায়ীরা এদের হাত থেকে মুক্তি চায়।

সভায় সাগুফতা ইয়াসমিন এমিলি, আতিকুর রহমান আতিক, হাবিবুর রহমান হাবীব, মোতাহার হোসেন, আ: ক: ম: সরোয়ার জাহান, রুবিনা আক্তার মিরা, মমতাজ বেগমসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর আওয়ামী লীগের সংসদীয় দলের কোনো সভা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন চললেও তা ছিল সংক্ষিপ্ত। করোনা পরবর্তী এ সভায় দলীয় সংসদ সদস্যরা করোনা পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে