সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব-আফ্রিকাকে কেন পাশে চায় মস্কো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন চালানোর পর পশ্চিমা দেশগুলোসহ বিশ্বের একাংশ রাশিয়ার ওপর ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে আরব বিশ্বকে পাশে চাইছে মস্কো। গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মিসর সফর নিয়ে প্রতিবেদনে এ কথা বলেছে বিবিসি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরল সফরে ইরান যান। এর পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন পুতিন। সব মিলিয়ে পর্যবেক্ষকরা বলছেন, আরব বিশ্বের সমর্থন পেতেই দৌড়ঝাঁপ শুরু করেছে মস্কো।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে মিসরের আগে থেকেই সুসম্পর্ক রয়েছে। রাশিয়ার খাদ্যশস্য ও সমরাস্ত্রের বড় ক্রেতা হলো মিসর। ইউক্রেন যুদ্ধের পূর্ব পর্যন্ত বড় সংখ্যক পর্যটক সফর করেছে। গতকাল ল্যাভরভ মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রির সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম আফ্রিকা সফরে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে তিনি ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গোয় যাবেন। ল্যাভরভের সফর উপলক্ষে মিসরের স্থানীয় সংবাদমাধ্যমে একটি নিবন্ধ ছাপা হয়, যেখানে ল্যাভরভ বলেন, উপনিবেশিক জাল থেকে বের হয়ে আসার ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর সংগ্রামের প্রতি সব সময় রাশিয়ার সমর্থন রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আফ্রিকার দেশগুলো যে ‘ভারসাম্যমূলক অবস্থান’ নিয়েছে এ কারণে ধন্যবাদ জানিয়েছেন ল্যাভরভ।

এদিকে খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে আফ্রিকার অনেক দেশ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। আফ্রিকার ডেভেলপমেন্ট ব্যাংক বলছে- আফ্রিকায় ৪০ শতাংশের বেশি গম ইউক্রেন ও রাশিয়া সরবরাহ করে থাকে। ল্যাভরভ সফরের আগে বিরল ইরানে বিরল সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও ছিলেন। মস্কো- তেহরান আগে থেকেই জোরালো সম্পর্ক রয়েছে। কিন্তু রিয়াদে কূটনীতিক দৌড়ে মস্কোর চেয়ে এগিয়ে রয়েছে ওয়াশিংটন। পুতিনের সফরের কয়েক দিন আগে আরব দেশগুলোতে সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিক খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের ব্যাপারে ব্যাপক সমালোচনা থাকলেও তা উপেক্ষা করে সালমানের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এদিকে যুবরাজ সালামানকে ফোনে পুতিন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। দুই নেতার আলোচনায় ইউক্রেন যুদ্ধে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন সালমান। এর পরই গতকাল মিসর সফরে গেলেন ল্যাভরভ।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এই সফরে ল্যাভরভের প্রধান লক্ষ্য থাকবে আরব-আফ্রিকার দেশগুলোকে পরিষ্কার বোঝানো যে- ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমাদের পাশে থাকার চেয়ে রাশিয়ার পাশে থাকলে তাদের বেশি লাভ হবে। কিন্তু আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিতে অনীহা জানাবে। কেননা শীতল যুদ্ধের সময় আফ্রিকার অনেক দেশকে খুব বেশি ভুগতে হয়েছিল, তাদের উন্নয়ন থমকে গিয়েছিল।