শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারের দাম নিয়ন্ত্রণহীন

news-image

জিয়াদুল ইসলাম
বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না ডলারের দাম। ঈদের পর থেকে এই মুদ্রাটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর ফলে ক্রমশ কমছে টাকার মান। সর্বশেষ গত বৃহস্পতিবারও টাকার মান কমেছে ৫০ পয়সা। ওইদিন আন্তঃব্যাংকে ডলারের দাম উঠে ৯৪ টাকা ৫০ পয়সা। এটিই ডলারের আনুষ্ঠানিক দর। যদিও এই দামে কোথাও ডলার মিলছে না। ব্যাংকে নগদ ডলারের দাম ১০২ টাকা ছাড়িয়েছে। এলসি পেমেন্টের জন্য প্রতি ডলারের জন্য আমদানিকারদের এখন গুনতে হচ্ছে ১০০-১০২ টাকা। আর খোলাবাজারে প্রতি ডলারের দাম উঠেছে ১০৪ টাকা ৫০ পয়সা। বর্তমানে আন্তঃব্যাংকের সঙ্গে খোলাবাজারের পার্থক্য গিয়ে ঠেকেছে ১০ টাকায়। ডলারের দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় আরও বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন আমদানিকারক ও সাধারণ মানুষ। কারণ এর ফলে পণ্যমূল্য আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ডলারের দাম বৃদ্ধির ফলে রপ্তানিকারক ও রেমিটাররা লাভবান হবেন।

এদিকে বৈদেশিক মুদ্রাবাজারে এমন অস্থির পরিস্থিতির মধ্যে আজ সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। প্রতি তিন মাস পর পর এই

বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে, যা ব্যাংকার্স সভা নামে পরিচিত। তবে এবার একটু আগেভাগেই ব্যাংকার্স সভাটি হচ্ছে, মাত্র ১ মাসের ব্যবধানে। নতুন গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পর আবদুর রউফ তালুকদারের এটিই প্রথম ব্যাংকার্স সভা।

সূত্র জানায়, এবারের ব্যাংকার্স সভায় চারটি বিষয় গুরুত্ব পাবে। এগুলো হলো- বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি সময়ে নেওয়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ, ঋণের সুদহারের সীমা, খেলাপিদের গণছাড় নিয়ে জারি করা ঋণ পুনঃতফসিলের মাস্টার সার্কুলার এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের জন্য চালু করা স্বল্প সুদের ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল। এর মধ্যে শেষ দুটি সিদ্ধান্ত নতুন গভর্নরের দায়িত্ব নেওয়ার পর নেওয়া হয়েছে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপিদের গণছাড় দিয়ে একটি নীতিমালা জারি করে। ওই নীতিমালায় বলা হয়, খেলাপি ঋণ নিয়মিত করতে আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে, আগে যা ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হতো। নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ না যেতেই ঋণখেলাপিদের এমন সুযোগ দেওয়ায় ওই সার্কুলার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। ওই সমালোচনার মধ্যে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গভর্নরের সঙ্গে দেখা করে ওই সার্কুলারকে স্বাগত জানিয়েছেন। আজকের ব্যাংকার্স সভায় ওই সার্কুলার বাস্তবায়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া গত বৃহস্পতিবার এসএমই খাতের জন্য ২৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। মাত্র ৭ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন উদ্যোক্তার। ব্যাংকার্স সভায় এ তহবিলের ঋণ বিতরণের ওপর গুরুত্ব দেবেন নতুন গভর্নর। এ ছাড়া সভায় ঋণের সুদহারের সীমা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সম্প্রতিকালে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হবে।

আরও অস্থির ডলারের বাজার : প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা ও আমদানি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধিতে গত বছরের আগস্ট থেকে অস্থিরতা বিরাজ করছে ডলারের বাজারে। বিক্রিসহ নানা পদক্ষেপ নিয়েও ডলারের দামে অস্থিরতা থামাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবারও ৯৪ টাকা ৫০ পয়সা দরে ১ কোটি ৫০ লাখ ডলার বাজারে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের এই রেট বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার পাচ্ছেন না আমদানিকারকরা। বর্তমানে আমদানি পেমেন্টের ক্ষেত্রে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে প্রায় ১০০-১০২ টাকা। অভিযোগ আছে, সংকটের সুযোগ নিয়ে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে। তবে ব্যাংকগুলোর দাবি, সংকটের কারণে রেমিটার ও রপ্তানিকারকদের কাছ থেকে তাদের বেশি দামেই ডলার নিতে হচ্ছে। এ কারণে তাদেরও বেশি দামেই ডলার বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গতকাল স্যোসাল ইসলামী ব্যাংক নগদ ডলার বিক্রি করেছে ১০২ টাকা ২৫ পয়সায়। এনআরবিসি ব্যাংক বিক্রি করেছে ১০২ টাকা। মেঘনা ব্যাংক বিক্রি করেছে ১০১ টাকা। ব্র্যাক ব্যাংক বিক্রি করেছে ৯৯ টাকা ৭৫ পয়সা। দ্য সিটি ব্যাংক বিক্রি করেছে ৯৯ টাকায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আমাদের সময়কে বলেন, করোনার পরে রপ্তানি ও রেমিট্যান্স আয়ের তুলনায় আমদানি ব্যয় অধিক হারে বেড়ে গেছে। তাই বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। এতে দামও বাড়ছে। তবে ডলারের বাজার অস্থিরতা ঠেকাতে প্রতিনিয়ত ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ঈদুল আজহার পর থেকে খোলাবাজারে ডলারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গতকাল রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জে প্রতি ডলারের দাম উঠে সর্বোচ্চ ১০৪ টাকা ৫০ পয়সা। একদিন আগেও যা ছিল থেকে ১০৩ টাকা। ফলে একদিনের ব্যবধানেই খোলাবাজারে ডলারের দাম বেড়েছে দেড় টাকা। ঈদুল আজহার আগে খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ৯৯ টাকারও নিচে। রাজধানীর দিলকুশায় অবস্থিত দোহার মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. মুরাদ হোসেন আমাদের সময়কে জানান, রবিবার তারা প্রতি ডলার কিনেছেন ১০৪ টাকায়। আর বিক্রি করেছেন ১০৪ টাকা ৫০ পয়সায়। তিনি জানান, খোলাবাজারে ডলারের সরবরাহ একেবারেই নেই। কিন্তু চাহিদা কমেনি। কী কারণে চাহিদা বেড়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদুল আজহার পর বিদেশ ভ্রমণ বেড়ে গেছে। কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ লেখাপড়ার জন্য আবার কেউ ঘুরতে যাচ্ছেন। ফলে সবার নগদ ডলারের প্রয়োজন হচ্ছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত পাইওনিয়ার মানি এক্সচেঞ্জেও গতকাল ডলার বিক্রি হয়েছে ১০৪ টাকা ৫০ পয়সায়। প্রতিষ্ঠানটির মালিক মো. রোকনউদ্দিন আমাদের সময়কে বলেন, খোলাবাজারে ডলারের সংকট চলছে। ফলে প্রতিদিনই দাম বাড়ছে। এভাবে বাড়তে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে প্রতি ডলারের দাম ১১০ টাকায় উঠবে।

বৈদেশিক মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে ৭৬২ কোটি (৭.৬২ বিলিয়ন) ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই রিজার্ভ থেকে এক অর্থবছরে এত ডলার বিক্রি করা হয়নি। চলতি অর্থবছরেও ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২১ দিনেই (১ থেকে ২১ জুলাই) প্রায় ১০০ কোটি ডলার বিক্রি করা হয়েছে। এরপরও বাজারে ডলার সংকট কাটছে না। এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে গত ১২ জুলাই দুই বছর পর এই সূচক ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। এর পর থেকে তা ৪০ বিলিয়ন ডলারের নিচেই অবস্থান করছে। গত বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা