সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খরচের চাপে মিলছে না সংসারের অঙ্ক

news-image

রেজাউল রেজা
করোনা পরিস্থিতি কাটিয়ে না উঠতেই বিশকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে, বাড়ছে নিত্যপণ্যের দামও। ডলারের বিপরীতে দাম কমছে টাকার। সবকিছু মিলিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও প্রবল চাপ তৈরি হয়েছে। কেবল দরিদ্র ও খেটে খাওয়া জনগোষ্ঠী নয়, মুদ্রাস্ফীতিতে নাকাল মধ্যবিত্তও। বাজারে নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে। আমদানি ব্যয় বাড়ায় চাপ পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানায়, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির মূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোয় ৩ মাসে ৭ কোটি ১০ লাখ মানুষ দরিদ্র হয়েছে। গত ৩ মাসে উন্নয়নশীল বিশ্বে দারিদ্র্যের হার করোনা মহামারীর চেয়ে দ্রুত বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এ সংকটের আঁচ লেগেছে। এরই মধ্যে দেশে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে পৌঁছেছে, যা বিগত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। সরকারি হিসাবেই এখন মজুরি বৃদ্ধির হারের তুলনায় মূল্যস্ফীতি বৃদ্ধির হার বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আর ওই মাসে মজুরি বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ গত বছরের জুনে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, সেই পণ্য বা সেবা পেতে এখন ১০৭ টাকা ৫৬ পয়সা খরচ করতে হচ্ছে। অপরদিকে যে দিনমজুর-শ্রমিক বা অন্য পেশার মানুষ গত বছরের জুনে তার শ্রমের বিনিময়ে ১০০ টাকা পেয়েছেন, চলতি বছরের জুনে তারা পেয়েছেন ১০৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ বছর ঘুরে আয় বেড়েছে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। উল্টো ১০৬ টাকা ৪৭ পয়সা আয়ের বিপরীতে এখন খরচ করতে হচ্ছে ১০৭ টাকা ৫৬ পয়সা।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের দিনমজুর-শ্রমিকসহ বেসরকারি পেশাজীবীদের আয় যে হারে বেড়েছে, তা দিয়ে মূল্যস্ফীতি সামাল দেওয়া যাচ্ছে না। উল্টো আরও বাড়তি খরচের বোঝা চাপছে ঘারে। মানুষের সঞ্চয় কমছে। ব্যক্তির ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা

এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম আমাদের সময়কে বলেন, বিবিএসের যে মূল্যস্ফীতির হিসাব, এটি একটি গড় হিসাব। দরিদ্র জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের কাছে মূল্যস্ফীতি আরও বেশি। যাদের আয় স্থির তাদের ওপর মূল্যস্ফীতির চাপও বেশি। তা ছাড়া বিবিএসের মূল্যস্ফীতির হিসাব নিয়ে বিতর্ক রয়েছে। প্রকৃত মূল্যস্ফীতি আরও বেশি। এখনো ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হয়। কিন্তু গত দেড় দশকে অনেক কিছু বদলেছে। ভিত্তিবছর হালনাগাদ (আপডেট) না হলে প্রকৃত মূল্যস্ফীতির চিত্র উঠে আসবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি ৭ শতাংশ অনেক। সেখানে সাড়ে ৭ শতাংশ জীবনযাত্রায় বড় চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির হার অনুযায়ী আয় না বাড়লে প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যায়। এতে নতুন দরিদ্রের সংখ্যাও বাড়ে। যেহেতু বৈশি^ক কারণে মূল্যস্ফীতি বাড়ছে, সেহেতু অভ্যন্তরীণ নীতি দিয়ে কাজ হবে না। তবে মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে নজর রাখতে হবে। চাল, ডাল, তেল, চিনি, আটার মতো অতি প্রয়োজনীয় নিত্যপণ্য যেন ক্ষতিগ্রস্তদের নাগালে থাকে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী বাড়াতে হবে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে সুবিধা ভোগ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।

বিবিএসের মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ৩০ জুন শেষ হওয়া বিদায়ী ২০২১-২২ অর্থবছরে টানা ছয় মাস বাড়ার পর জানুয়ারিতে কিছুটা কমেছিল এই সূচক। ফেব্রুয়ারি থেকে তা আবার বাড়তে থাকে। গত মে মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ ছাড়িয়ে যায়। জুন মাসে তা রেকর্ড ভেঙে ঠেকেছে ৭ দশমিক ৫৬ শতাংশে। গত জুন মাস শেষে দেশে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ খাদ্যদ্রব্য কিনতে গিয়েই সবচেয়ে বেশি চাপে রয়েছে মানুষ। আবার শহরাঞ্চলের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি।

রাজধানীর কদমতলী এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান হাবিব। একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত এ ব্যক্তির মাসিক বেতন ৩০ হাজার টাকা। হাবিব জানান, বেতনের এই টাকায় বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস সিলিন্ডার ও অফিস যাতায়াত খরচের পর মাসের বাজার ও সংসারের টুকিটাকি খরচের হিসাব মেলানো দুরূহ হয়ে পড়ে। তার ওপর দুই সন্তানের স্কুলের ফি ও পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাকে। এর মধ্যে পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলে ঋণ করতে হয়।

হাবিব বলেন, করোনার পর থেকে এ পর্যন্ত বেতন কেবল এক দফা বেড়েছে। কিন্তু জীবনযাত্রায় প্রত্যেকটি খাতে খরচ দফায় দফায় বাড়ছে। এ শহরে টিকে থাকতে বাধ্য হয়ে খাবার, কাপড়, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ চাহিদায় কাটছাঁট করতে হচ্ছে। মাছ, মাংস, দুধ, দুগ্ধ জাতীয় খাবার খাওয়া ছেড়েই দিয়েছি। ছেলেদের পড়ার টিউটর, কাজের বুয়া, ডিস ও ইন্টারনেট সংযোগ বাদ দিয়েছি। এমনকি ছোটখাটো অসুস্থতায় চিকিৎসকের কাছেও যাই না। তারপরেও মাস শেষে ঋণ করতে হয়। খরচ বাড়ছে, কিন্তু বেতন সেভাবে বাড়ে না। আয়ের চেয়ে ব্যয় এখন অনেক বেশি।

তেজগাঁও এলাকার বিদ্যুতের গলিতে কথা হয় রিকশাচালক শামীম মিয়ার সঙ্গে। চা-বিস্কুট খেয়ে দুপুর পার করা এই রিকশাচালক বলেন, দুপুরের খাবারের খরচ বাচাতে পারলে সেই টাকায় এক কেজি চাল কেনা যায়। তাই প্রায় সময় বনরুটি কিংবা কেক, কলা আর এক কাপ চা খেয়ে দুপুর পার করে দেই।

শুধু বেসরকারি চাকরিজীবী হাবিব কিংবা রিকশাচালক শামীম নন- মূল্যস্ফীতির চাপে রয়েছেন আরও অনেকে। করোনা অতিমারীর পরে এখন অতি-মূল্যস্ফীতিতেই বেশি ঘায়েল মানুষ। বর্তমানে চাল, ডাল, তেল, চিনি, আটা, দুধ, ডিম, মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের খাদ্যপণ্যের দাম অনেক বাড়তি। অনেক খাবার নিম্ন আয়ের এমনকি মধ্যম আয়ের মানুষের নাগালের বাইরে রয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবও বলছে, বছরের ব্যবধানে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম অনেক বেড়েছে।

স্থির আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি বলে জানান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান। আমাদের সময়কে তিনি বলেন, মাস শেষে যারা একটা নির্দিষ্ট অর্থ আয় করেন, কিংবা যারা সঞ্চয়পত্র অথবা পেনশনের টাকায় সংসার চালান, তাদের জন্য এত হারে বাড়তে থাকা মূল্যস্ফীতি বড় ধরনের একটা চাপ তৈরি করে। যাদের সঞ্চয় নেই বা কম, তাদের জন্যও এটা একটা বড় চাপ।

সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বস্তিদায়ক অবস্থান থেকে বাংলাদেশ বের হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, টাকার অবমূল্যায়ন, সরকারের কৃচ্ছ্রসাধন, আমদানি নিরুৎসাহিত করা- এসব উদ্যোগ অর্থনীতির ঝুঁকির বার্তা দেয়। শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ঝুঁকিতে আছে। যুক্তরাষ্ট্রসহ বিশে^ অনেক দেশেই মূল্যস্ফীতি বাড়ছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে যাওয়াটা অবশ্যই একটা সতর্কবাণী।

সাড়ে ৭ শতাংশ মূল্যস্ফীতিকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। আমাদের সময়কে তিনি বলেন, কর্মসংস্থান কিংবা উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমাদের উচিত এই মুহূর্তে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। এজন্য অবশ্যই বৈদেশিক মুদ্রা বিনিময় হারকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যে অর্থনীতি, তাতে এটা করতে না পারলে মুদ্রাস্ফীতি বাড়বেই।

সুদহারের নয়-ছয় অর্থনীতিতে নয়-ছয় সৃষ্টি করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বড়লোকবান্ধব। এতে ক্ষুদ্ররা বেশি উপকৃত হয় না। অপরদিকে সরকার আমদানি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। আর সুদহারকে বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। এতে অপ্রয়োজনীয় আমদানি অনেক হারে কমে আসবে।