অস্ত্র নয়, জনসমর্থন নিয়ে যুদ্ধ করতে হবে
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন এক ধরনের যুদ্ধ। অনেকেই বলছেন, আসেন যুদ্ধের মাঠে আসেন। সেখানে আসলে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে হবে না। আপনাদের জনসমর্থন নিয়ে যুদ্ধ করতে হবে। আপনারা তলোয়ার রাইফেল নিয়ে যুদ্ধ করবেন না। আপনাদের জনসমর্থন যেগুলো আছে তারা আসবে। আপনারা ব্যালট নিয়ে যুদ্ধ করবেন। সেই যুদ্ধটা আপনাদের করতে হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে এমন পরামর্শ দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। আমরা আমাদের নির্বাচনের দায়টা বহন করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবো। সরকার সহায়তা না করলে নির্বাচনের পরিস্থিতি মন্দ হতে পারে।
সিইসি বলেন, অনেক রাজনৈতিক দল বলছে আমরা নাকি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে এসেছি। দলটা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা বাক্স খুলে দেখেছি কোথাও এজেন্ডাটা নেই। আমরা এখনও অতোটা অসৎ হয়ে পড়িনি। আমি সুষ্পষ্ট করে বলতে চাই আমি ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো সেটা বলতে পারবো না। কিন্তু এজ অব নাও ওইভাবে কোনো রকমের পক্ষপাতিত্ব বা কারও এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখনও আমাদের ভেতরে জন্ম নেয় নাই।
তিনি বলেন, কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অবশ্যই বাধ্য করতে পারব না। তবে সব দলকে কার্যকরভাবে অংশগ্রহণ করতে আমরা বারবার আহ্বান করে যাব। সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতেই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। আজ থেকে শুরু হওয়া সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।











