সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিজেকে আরও মেলে ধরতে না পারার কারণ আমিই’

news-image

বিনোদন ডেস্ক : ২০০৪ সালের ‘লাক্স -আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতার প্রথম রানারআপ তানজিকা আমিন। ১৮ বছরের ক্যারিয়ারে খুব বেশি কাজ করেননি তিনি। তবে স্বল্পসংখ্যক কাজ দিয়েই দর্শক পরিচিত পেয়েছেন। বর্তমানে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‌‘অনলাইন অফলাইন’। নাটক ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি।

অভিনয়ে আপনাকে কম দেখা যায়। সুনির্দিষ্ট কোনো কারণ আছে?

কোনো কারণ নেই। আমি একটু ঘরকুনো। নিজের মতো করেই থাকতে পছন্দ করি। তাই আমার সঙ্গে কারও যোগাযোগ সেভাবে হয় না। আবার নতুন যারা নির্মাণে এসেছেন বা আসছেন, তাদের অনেকের সঙ্গে মানিয়ে নেওয়া হয়ে ওঠেনি। এটা আমারই ব্যর্থতা। কারণ নিজেই চেষ্টা করি না। এটা অলসতা নাকি অন্য কোনো কারণে তাও জানি না।

এই বিরতির শুরু কবে থেকে?

আমার বিয়ের পর থেকেই এটা হয়েছে। ডিভোর্সের পরও অনেকটা সময় পর্যন্ত। ২০১১ সালের দিকে তো আমি বিয়ে করলাম। এসব কারণে লম্বা সময় কেটে গেল। বিয়ের পর আমি কিন্তু নিজের ইচ্ছাতেই কাজ কমিয়েছি। তখন বয়স একটু কম ছিল, মনে হতো যে না করলেও হয়তো চলবে। আমি ২০০৪ সাল থেকে বিনোদন অঙ্গনে কাজ করছি। তখন টানা খ-নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছি। আমি নিজেকে আরও মেলে ধরতে না পারার কারণ আমিই।

‘অনলাইন অফলাইন’ নাটকটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সাড়ে ৮টায় এটি প্রচার হচ্ছে। প্রচারে আসার পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। পরিবার, সহকর্মী আর বন্ধুবান্ধবরা আলাদা করে আমার অভিনয়ের প্রশংসা করেন। সবমিলিয়ে ‘অনলাইন অফলাইন’ নাটকটি নিয়ে আমার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি কাজ করে।

সাগর জাহানের নির্দেশনায় কাজের অভিজ্ঞতা কেমন?

উনি সব সময় দর্শকের কাছে নতুন গল্প তুলে ধরার চেষ্টা করেন। আগেও তার নির্দেশনায় কাজ করে সেটা দেখেছি। ‘অনলাইন অফলাইন’ নাটকটি আগের কাজগুলো থেকে কিছুটা হলেও আলাদা। দর্শকও সে কথা স্বীকার করবেন বলেই আমার ধারণা।

সিনেমায়ও কাজ করেছেন আপনি। সেখানে নতুন কোনো খবর আছে?

ক্যারিয়ারের শুরুতে ‘বকুল ফুলের মালা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করি রিয়াজ ভাইয়ের বিপরীতে। তবে এটি আশানুরূপ সাফল্য পায়নি। ২০১৯ সালের শেষদিকে মুক্তি পায় ‘গহীনের গান’। অন্য সব বাণিজ্যিক সিনেমা থেকে এটি ছিল একেবারেই আলাদা। এ ধরনের নিরীক্ষাধর্মী কিংবা ভালো গল্পের সিনেমায় কাজের সুযোগ পেলে বড়পর্দায় আবার দেখতে পাবেন। আপাতত নতুন খবর নেই।

উপস্থাপনায় যুক্ত হলেন কীভাবে?

উপস্থাপনা করব এমন কোনো ভাবনা আগে ছিল না। ‘নিজের নামেই হোক পরিচয়’ অনুষ্ঠানটি করতে গিয়েই উপস্থাপনার প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়। এতে আমরা নারীশক্তিকে তুলে ধরার চেষ্টা করছি। সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে, সাহস ও প্রেরণা জুগিয়ে যাচ্ছি। এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলত এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া।

সংসারজীবন নিয়ে কোনো চিন্তাভাবনা?

বিয়ে করব। বিয়ে করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আমার মা-বাবা নাতি-নাতনির মুখ দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। আমি তো তাদের একমাত্র সন্তান, আমার প্রতি তাদের একটা প্রত্যাশাও আছে। আমারও তো জীবনে একজন সঙ্গী দরকার।

জীবনসঙ্গীর দেখা কি পেয়েছেন?

খোঁজাখুঁজি চলছে। বিয়ে অবশ্যই প্রেম করে করব। কারণ একটা জানাশোনা তো লাগবেই। আর্ট মাধ্যমে আমরা যারা কাজ করি, তাদের জীবনধারণটাই একটু আলাদা। প্রথম বিয়েতে একটা ধাক্কা খাওয়াতে পরেরটা বুঝেশুনে করতে চাই। যেটাই হোক না কেন এমন একটা মানুষকে বেছে নিতে চাই, যার সঙ্গে আগামীর সময়টা কাটিয়ে দিতে পারি।