ঋণ ও বিল খেলাপিদের ছাড় দিতে ইসির প্রস্তাব, ব্যাংকারদের আপত্তি
নিজস্ব প্রতিবেদক : ঋণ ও বিল খেলাপিদের নির্বাচনে প্রার্থী হতে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবে আপত্তি জানিয়েছে ব্যাংক ও আর্থিকসেবা প্রতিষ্ঠানগুলো।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে সব ধরণের ঋণ ও বিল পরিশোদের ক্ষেত্রে প্রার্থীকে নিয়মিত থাকতে হবে। এই আইন পরিবর্তন করে ইসির প্রস্তাবে বলা হয়েছিল খেলাপি বা অনিয়মিত থাকলেও প্রার্থী হতে পারবে। যদি প্রার্থীর বিরুদ্ধে এ সংক্রান্ত কোন মামলা থাকে তবে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ব্যাংক, সেবা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকসহ ১৪ জনের একটি প্রতিনিধি দল বৈঠক করেন।
ঋণ ও বিল খেলাপিদের ছাড় দেওয়ার বিষয়ে ইসির আইনি সংস্কার প্রস্তাব নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠবে অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকাভুক্ত হলেই ভোটে অযোগ্য থাকবেন। সে ক্ষেত্রে আরপিও বিধানই বহাল রাখতে হবে।
সভা শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, “ব্যাংক ঋণের ক্ষেত্রে এখন যে বিধান রয়েছে তা থাকলেই ভালো হয়। আমরা যেটা প্রস্তাব করেছিলাম, এটাতে উনারা খুব কমফোর্টেবল ফিল করেন না। আরও একটু চিন্তা করে ‘আরপিও সংশোধন করা হবে কিনা’ সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরপিও অনুযায়ী, ঋণ ও বিল খেলাপিরা সংসদ নির্বাচনের ভোটে অযোগ্য। এ ক্ষেত্রে মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়ে পুনঃতফসিলের সুযোগ রাখা হয়েছে। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সিআইবির প্রতিবেদনে যারা খেলাপি হন, তারা আর অংশ নিতে পারেন না।
কমিশন প্রস্তাব দিয়েছিল, সিআইবি প্রতিবেদন নয়, শুধু মামলা হলেই তাকে ভোটে অযোগ্য করার বিধান করা যেতে পারে।
সিইসি জানান, বর্তমান আইনে সত্যিকারের যারা খেলাপি নন, তারা অযোগ্য হয়ে পড়তে পারেন। ভোটে দাঁড়ানোর অধিকার মৌলিক অধিকার। তাতে কারও অধিকার খর্ব না করার জন্য ভিন্ন চিন্তা করেছে ইসি।
পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার দেওয়ান রুহুল আহসান বলেন, ‘ব্যাংকের পক্ষ থেকে সিআইবি রিপোর্টকে প্রাধান্য দিতে বলেছি আমরা। সেই সঙ্গে প্রচলিত আইন যদি সংশোধন করতে চায় তাহলে ওই অংশটি (মামলা) যুক্ত করতে পারে। সবার মতামত নিয়ে প্রয়োজনে আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলে কমিশন আশ্বস্ত করেছে।’
ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার রশিদুর রহমান জানান, বিল খেলাপিদের বিরুদ্ধে মামলা করার বিধানে তাদের সম্মতি নেই। সে ক্ষেত্রে বিদ্যমান আইনই বহাল রাখার পক্ষে মতামত দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলেই বিল খেলাপি হয়ে যায় সংশ্লিষ্টরা। বিষয়টি গ্রাহককে জানানো হয়। কিন্তু মামলা করতে গেলে সেবা প্রতিষ্ঠানের নানা ঝুঁকিও রয়েছে।











