,

১১শ কোটি টাকা তছরুপ দুদকের তদন্ত শুরু

news-image

দুলাল হোসেন
অনিয়ম-দুর্নীতির মাধ্যমে উড়োজাহাজ লিজ এনে এক হাজার ১০০ কোটি টাকা গচ্চার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে কমিশন এই সিদ্ধান্ত নেয়। অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র চেয়ে দুদক গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছে।

দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান আমাদের সময়কে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নিয়েছিল। এ দুটির যন্ত্রপাতি ঠিক ছিল না। লিজ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুর্নীতির তথ্য পেয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিতে আমাদের কাছে সুপারিশ করে সংসদীয় কমিটি। আমরা এ বিষয়ে অনুসন্ধান কমিটি করেছি। এই টিম অনিয়ম ও দুর্নীতির প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নিতে সক্ষম হবে।

উপপরিচালক মো. সালাহউদ্দিন ও সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে এ অনুসন্ধান টিম গঠন করে দুদক। এ টিম গতকাল বিমানের এমডি ও সিইও আবু সালেহ্? মোস্তফা কামালের কাছে চিঠি পাঠিয়েছে। এতে উড়োজাহাজ লিজের দরপত্রসহ ১৩ ধরনের নথিপত্র দুদকে পাঠাতে বলা হয়েছে।

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক বছর না যেতেই ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উড়োজাহাজ সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আরেকটি ইঞ্জিন ভাড়ায় আনা হয়। দেড় বছরের মাথায় ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। তখন ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। কিন্তু কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এসব প্রক্রিয়া সম্পন্ন করাকালে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানি উভয়কেই অর্থ পরিশোধ করেছে বিমান। এভাবে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানির পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়েছে। সেই দায় থেকে ২০২০ সালের মার্চে মাসে মুক্তি মেলে।

সাব-কমিটির প্রতিবেদনে বলা হয়, লিজ গ্রহণের স্বার্থে মেইনটেন্যান্স চেক সাইকেল অ্যান্ড এয়ারক্রাফট মেইনটেন্যান্স সিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উড়োজাহাজ দুটির লিজপূর্ব অবস্থা, প্রকৃত টেকনিক্যাল অবস্থা ও নিরাপদ উড্ডয়নযোগ্য ছিল কিনা তা জানা সম্ভব। বিমানের ক্যাপ্টেন ইশরাত ও তার টিম মেইনটেন্যান্স চেক সাইকেল অ্যান্ড এয়ারক্রাফট মেইনটেন্যান্স সিডিউল পরিদর্শন বিশ্লেষণ করতে পারেনি। এ সংক্রান্ত সমস্ত ব্যর্থতার দায় টিমের সব সদস্যকে নিতে হবে। তাদের কারণ জনগণের সম্পদ বিমানের শত শত কোটি টাকা ক্ষতি হয়ে গেল। তাই বিমানের তৎকালীন পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, ফ্লাইট অপারেশন পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন ইশরাতসহ প্রতিবেদনকারী টিম, ইজিপ্ট এয়ারের স্থানীয় প্রতিনিধি প্রো-টেকনো গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংসদীয় সাব-কমিটি।

গত ২৪ মার্চ সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মিশরীয় উড়োজাহাজ লিজ নেওয়ার অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দুদকের মাধ্যমে তদন্তের জন্য কার্যপত্রের অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ ও তানভীর ইমাম অংশ নেন।

এর আগে দশম সংসদের বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও দুটি মিশরীয় বিমান লিজ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। সে সময় লিজে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্তে কমিটি একটি সাব-কমিটিও করেছিল। চলতি একাদশ সংসদের কমিটিও নতুন করে সাব-কমিটি গঠন করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি