বাংলাদেশ কোনো দিনও শ্রীলঙ্কা হবে না
চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শ্রীলঙ্কা পর্যটননির্ভর দেশ। করোনাকালে কেউ সেখানে ভ্রমণে যায়নি। তাই তাদের দেশে অর্থনৈতিক ধস নেমেছে। আমাদের অনেকগুলো খাত রয়েছে। তার মধ্যে অন্যতম পোশাক খাত, কৃষি খাত এবং বৈদেশিক রেমিট্যান্স। আমাদের দেশে কোনো দিন অর্থনৈতিক ধস হওয়ার আশঙ্কা নেই। যতদিন জননেত্রী শেখ হাসিনা আছেন, ততদিন এ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই বাংলাদেশ কোনো দিনও শ্রীলঙ্কা হবে না।
সোমবার দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যারা এখন জাতীয় সরকারের নকশা দিচ্ছে, তাদের খায়েশ হয়েছে মন্ত্রী, এমপি হওয়ার। আপনাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। কোনো দিনও পূরণ হবে না। যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায় তাদের ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, আজকে যে উন্নয়ন, তা এমনিতে হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, তখন এদেশে মাথাপিছু আয় কত ছিল তা দেখুন। এখন তা ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। অথচ ২০০৯ সালে যখন সরকার গঠন করা হয়, তখন কী ছিল? আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করেছি। মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে। পরপর তিনবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এরপরও মানুষ আওয়ামী লীগকে চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অনেক চক্রান্ত করেছে। স্বার্থ হাসিলের জন্য তারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে আওয়ামী লীগের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ কচুপাতার পানি নয়। চাইলেই ফেলে দেয়া যাবে না। রাজপথে সংগ্রাম করে জনতার ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী সংগঠন। এটি পাকিস্তানিদের ভাষা। এ বক্তব্যের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি এখনো পাকিস্তানের প্রেতাত্মা। চেতনায় পাকিস্তানি। বিএনপি এখন হঠাৎ মাঠে নেমেছে। তাদের লক্ষ্য সরকার হটানো। তাই নানা তালবাহানা করছে। আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই কোনো আন্দোলন করে লাভ নেই। আন্দোলনের হুমকি আওয়ামী লীগকে দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ আপনাদের আন্দোলনকে ভয় পায় না।
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উদ্বোধক ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।











