শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখী-বজ্রাঘাতে প্রাণ গেল সাতজনের

news-image

নিউজ ডেস্ক : ভোরের আলো ফোটার আগেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। অন্ধকার হয়ে আসে চারদিক। শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। গতকাল শনিবার ভোরে হঠাৎ কালবৈশাখীর দাপট দেখল রাজধানী ঢাকা। থেমে থেমেই আকাশে দেখা গেছে বিদ্যুতের ঝলকানি। সেই সঙ্গে তুমুল বৃষ্টিতে ভেসে গেছে ঢাকার রাস্তাঘাট। এতে করে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি বয়ে এনেছে নগরজীবনে। এ ছাড়া দেশের বেশ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হয়েছে। এতে নারী ও ভ্যানচালকসহ সাত জনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলের মাঠ। ঝড়ের কবলে ঘটেছে নৌকাডুবির ঘটনাও।

হঠাৎ ঝড়ের তীব্রতায় গতকাল ভোরে ঘুম ভেঙে যায় নগরবাসীর। কালবৈশাখীর তাণ্ডবে খিলগাঁও ও শাহবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে গাছ ভেঙে পড়ে। এতে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছগুলো কেটে রাস্তা পরিষ্কার করেন। এদিকে কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরমে স্বস্তিও ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে এসেছে।

এদিকে কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও যশোর অঞ্চলের ওপর দিয়ে শনিবার সকাল থেকে কালবৈশাখী ও বৃষ্টি ঝরার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ডিমলায় ৬৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৪২ মিলিমিটার। এর বাইরে সিলেটের শ্রীমঙ্গলে ৪২, নওগাঁর বদলগাছিতে ৪৩, রংপুরে ৪৫, নীলফামারীর সৈয়দপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উপসাগর ও মিয়ানমারে

সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বৃষ্টি ঝরলেও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

কাহালু (বগুড়া) : ঝড়ে বগুড়ায় শহর এবং শহরতলিতে অসংখ্য গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে গেছে। কালাই মাছপাড়ায় বাড়ির ওপর পাকড় গাছ পড়ে ঘর ধসে মাটির চাপায় মারা গেছেন শাহিন নামের এক দিনমজুর। আহত হয় শিশু মেহেদী হাসান (৭)। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহত শাহিন গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী গ্রামের মৃত গুলজারের ছেলে।

টাঙ্গাইল : টাঙ্গাইলরে ঘাটাইলে কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ পাঁচ শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে। গাছের চাপায় স্কুলছাত্রীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। সকাল থেকেই বিচ্ছিন্ন রয়েছে চার ইউনিয়রে বিদ্যুৎ। সবচেয়ে বেশি ক্ষতি হয় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি, উত্তর খিলগাতী ও মুখ্য গাংগাইর; সংগ্রামপুর ইউনিয়নরে বোয়ালী হাটবাড়ি, চাপড়ী, দেওজানা, খুপিবাড়ী ও লাহেড়ীআড়ি; রসুলপুর ইউনয়িনরে রসুলপুর, ঘোনার দেওলী, মোমিনপুর, সিংহের চালা, শালিয়াবহ; লক্ষীন্দর ইউনিয়নের লক্ষীন্দর, মুরাইদ, চারিয়াবাইদ ও ফৈটামাড়ি গ্রামে। এর মধ্যে দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর উচ্চ বিদ্যালয়ের দুটি টিনশেড বিল্ডিং সম্পূর্ণভাবে বিধ্বস্ত ও আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হায়দার আলী বলেন, ‘ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টির প্রায় ৪০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের ঘর ভেঙে যাওয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান এখন অসম্ভব হয়ে পড়েছে।’

নাজিরপুর (পিরোজপুর) : কালবৈশাখী ঝড়ের গতকাল সকালে নাজিরপুরের উত্তর শাঁখারিকাঠী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। বিদ্যালয়টি পঞ্চম কক্ষবিশিষ্ট দীর্ঘদিনের পুরাতন টিনের চৌচালা স্কুলঘরটি ঝড়ে গাছ পড়ে হেলে পড়ে এবং একটি কক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। স্কুলটিতে দুই শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। ক্লাস নিতে হচ্ছে স্কুল বারান্দায়।

বরিশাল : মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে ঝড়ের কবলে নৌকা ডুবে শামসুল হক আকন নামে এক জেলের মৃত্যু হয়। গতকাল সকালে মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীর চর একরিয়াসংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন আকন। পরে হঠাৎ ঝড়ে নৌকা উল্টে গেলে তিনি ডুবে যান। দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজবাড়ী : গত শুক্রবার সন্ধ্যা ও গতকাল সকালে বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। সড়কের ওপর গাছ পড়ে ২০ ঘণ্টা বন্ধ ছিল রাজবাড়ী-বালিয়াকান্দি সড়ক। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক ও যাত্রীদের। এতে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি, ইকোরচর, তেঁতুলিয়াসহ কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ভোলা : মেঘনায় ঝড়ের কবলে পড়ে একটি বালুবাহী বল্কহেডডুবির ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে মেঘনার তুলাতলী পয়েন্ট এটি ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা মাস্টার, শুকানি ও স্টাফসহ ৫ জন জীবিত উদ্ধার হয়েছেন। এদিকে মেঘনার ইলিশাঘাটে নোঙ্গর করা দুটি জেলে নৌকা ডুবলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ : ঝড়-বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। গতকাল সকাল ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ।

নোয়াখালী : গতকাল সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে বজ্রসহ প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টিপাত শুরু হয়। এতে হাতিয়ার জাহাজমারা, নলচিরা ইউনিয়ন, সুবর্ণচর উপকূল ও কবিরহাটসহ কয়েকটি স্থানে অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়ায় জেলার বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : শৈলকুপায় কুলচাড়া গ্রামে গতকাল সকাল ৭টার দিকে স্বামী গোলাম নবী ও তার স্ত্রী রুপা সকাল ৭টার সময় বেগুনক্ষেতে বেগুন তুলতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে রুপা ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্বামী আহত হন।

রানীনগর (নওগাঁ) : গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার রাতে রানীনগরে কামতা, হাড়াইল, শঙ্করপুর ও খট্টেশ^র গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে এসব ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন ঘরবাড়ির মালিকরা। মাটির বাড়ি ও বাড়ির প্রাচীর ও বাজারে দোকানপাটও লণ্ডভণ্ড হয়ে যায়। রানীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, পরিমাণ বুঝে নগদ অর্থ ও টিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দর উপজেলায় বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক আলতাফ হোসেনের মৃত্যু হয়। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নের আতারবাজার কাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলতাফ ওই এলাকার খলিল উদ্দীনের ছেলে।

মুন্সীগঞ্জ : গতকাল সকাল ৬টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ধানবোঝাই একটি ট্রলার কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে যাওয়ার সময় পদ্মায় প্রচণ্ড স্রোত ও প্রবল ঢেউয়ে সাড়ে ৩শ মণ ধান ও ১৫ জন লোক নিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ১৩ জনকে উদ্ধার করা হয়। এখন দাদন ও হেলাল দুইজন নিখোঁজ রয়েছে। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর রাজারকান্দি গ্রামে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : গতকাল সকাল ৬টার দিকে হঠাৎ মুহূর্তেই বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঘূর্ণিঝড়। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর, বাবরা, ও খোসালপুরসহ ১০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিটে ঝড়ে বাড়িঘর, আম, কলা, লিচুসহ ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশীদ জানান, ঝড়ের কারণে রাস্তায় বড় বড় গাছ পড়ার ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

চকরিয়া (কক্সবাজার) : সকালে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। এমন সময় বাইরে কাজ করছিল আব্দু শুক্কুর। হঠাৎ প্রচণ্ড বাতাসে উঠানের একটি গাছ ভেঙে আব্দু শুক্কুরের শরীরের ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যায়। আব্দু শুক্কুর ওই এলাকার নুরুল হোসাইনের ছেলে।

ইবি থানা (কুষ্টিয়া) : কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম জানান, ঝড়ের বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা