,

মূল্যস্ফীতির চাপে ছোট হয়েছে শিঙাড়া-সমুচা

news-image

বেড়েছে ডিম-পরোটা ও ভাজির দাম
মূল্যস্ফীতির চাপে নাজেহাল। একে একে বাড়ছে সব জিনিসপত্রের দাম। নিত্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁর খাবারেও। সকালের নাশতায় পরোটা, ডাল, ভাজি, ডিম ওমলেটসহ বেড়েছে সব ধরনের খাবারের দাম। সাশ্রয় করতে অনেকে হোটেলে যাওয়াই কমিয়ে দিয়েছেন। কেউ আবার বাড়তি দাম নিয়ে তর্কে জড়াচ্ছেন। আর এতে বেশ অশান্তিতেই আছেন হোটেল ব্যবসায়ীরা।

রাজধানীর কদমতলী এলাকার মায়ের দোয়া হোটেলে গতকাল সকালের নাশতা করতে এসে ম্যানেজারের সঙ্গে বাদানুবাদে জড়ান স্থানীয় বাসিন্দা আবু বক্কর। ডিম ভাজির দাম এক লাফে ৫ টাকা বেড়ে যাওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। এ প্রতিবেদককে আবু বক্কর বলেন, ‘পরোটার দাম ৫ টাকা থেকে প্রথমে ৬ টাকা, পরে সামান্য একটু আকার বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। সবজি-ভাজিও ১০ থেকে দাম বাড়িয়ে ২০ টাকা করেছে। আজ এসে শুনি- ডিমের ওমলেট ২০ টাকা, গত পরশুও ১৫ টাকা দিয়ে খেলাম। ম্যানেজার বলছে- জিনিসপত্রের দাম বেড়েছে। আমার কথা নিত্যপণ্যের দাম বাড়লেও এক লাফে ডিমের দাম, পরোটার দাম এত বাড়ে কীভাবে? আসলে জিনিসপত্রের দাম বাড়ায় যেন এই হোটেল ব্যবসায়ীদের পোয়াবারো।’

হোটেলের আরেক কাস্টমার রাজীব হোসেন বলেন, ‘আগে দাম বাড়লে ১-২ টাকা বাড়ত। এখন কী দিন এলো, এক লাফে ৫-১০ টাকা বেড়ে যায়।’ নিজের হাতে থাকা শিঙাড়া উঁচিয়ে রসিকতার ছলে বললেন, ‘এটার দাম অবশ্য বাড়ায়নি। তবে সাইজটা অর্ধেক করে ফেলছে। এতে অবশ্য কষ্ট কম, এক গালে আস্ত শিঙাড়াটাই খেয়ে ফেলা যাচ্ছে।’

জানতে চাইলে হোটেলটির কর্ণধার কবির হোসেন আমাদের সময়কে বলেন, ‘আটা, ময়দা, তেল, আলু, পেঁয়াজ, মরিচ, মসলা- এমনকি লবণের দামটাও পর্যন্ত বেড়েছে। গত শুক্রবার থেকে ডিমের দামও প্রতি পিসে এক টাকা বেড়েছে। এ অবস্থায় খাবারের দাম বাড়ানো ছাড়া উপায় নেই।’ শিঙাড়ার আকার প্রসঙ্গে তিনি বলেন, ‘শিঙাড়া ও সমুচার দাম বাড়ালে বিক্রি কমে যাবে, তাই এগুলোর দাম না বাড়িয়ে আকার একটু ছোট করতে হয়েছে। ৫ টাকায় আগের সাইজের শিঙাড়া বিক্রি পোষায় না।’

একই চিত্র দেখা গেল কারওয়ানবাজারের কিচেন মার্কেটের উল্টো দিকের খাবারের ছোট হোটেলগুলোতেও। পুরো বাজারের দোকানি, কর্মচারী ও দিনমজুররা সকাল ও দুপুরের খাবার এখান থেকেই সারেন। বেশি ভিড় থাকে সকালে। কিন্তু ডিম ভাজি ও সবজির দাম বেড়ে যাওয়ায় খাওয়া কমিয়ে দিতে হয়েছে হাড়ভাঙা পরিশ্রম করা দিনমজুরদের। এখানকার একটি হোটেলে খেতে খেতেই দিনমজুর সুরুজ আলী জানান, ‘ডিম ভাজি অহন ২০ ট্যাকা। ডাল ভাজির দামও বাড়াইছে। পরোটার আকারটাও ছোট হইয়া গ্যাছে। তাই ডিম খাওয়া ছাইড়া দিছি। সবজি দিয়াই কোনোরকমে দুইটা পরোটা খাই, কিন্তু ছোট পরোটায় পেট ভরে না।’ তিনি বলেন, ‘আগে ৫০-৬০ টাকায় দুপুরের ভালোমতো খাবার হইয়া যাইতো। এখন ৮০-৯০ টাকা খরচ পড়ে। বাধ্য হইয়া খাওয়ার পরিমাণ কমাইয়া দিছি। খাওনের পিছনে বেশি টাকা খরচ করার সামর্থ্য আমগো নাই।’

রাজধানীর তেজগাঁও এলাকার টু স্টার হোটেলের কর্মকর্তা মো. শাহাদাতও জানান, ডিম ওমলেট ও ভাজিতে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। এ ছাড়া আগের ৫ টাকার পরোটার আকার একটু বড় করে এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। আর দুপুর ও রাতের খাবারের বিভিন্ন পদের দামও ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়াতে হয়েছে। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে, আটার ৫০ কেজির বস্তায় ৩০০-৩৫০ টাকা, লবণের কেজিতেও ২ টাকা বেড়েছে। গতকাল থেকে ডিমের ডজনে ১০-১৫ টাকা বেড়েছে। তেলের দাম নিয়ে আর নাই বা বললাম। আলু, সবজি, কাঁচামরিচ- সবকিছুর দামই বাড়তি। বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে। কিন্তু কাস্টমাররা বুঝতে চায় না। বেশি দাম শুনলেই তারা আমাদের ওপর চড়াও হচ্ছে। যা দিনকাল, ব্যবসাই মনে হয় বাদ দিয়ে দিতে হবে।’

এ বিষয়ে কথা হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান আমাদের সময়কে বলেন, ‘জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়ায় এ খাতের ব্যবসায়ীদের অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ায় খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছে হোটেলগুলো। আবার দাম বাড়ালে গ্রাহক হারানোর ভয়। নানা সময় গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করছেন। তাই ব্যবসায়ীদের অনেকে খাবার সার্ভের পরিমাণ কমিয়ে দিয়েছেন, কেউ দাম বাড়ালেও ক্রেতাদের কথা মাথায় রেখে অল্প হারে বাড়িয়েছেন।’ তিনি আরও বলেন, ‘খাবারের দাম বাড়ানো-কমানো আমাদের হাতে নেই। তবে আমরা আমাদের তরফ থেকে হোটেল-রেস্তোরাঁগুলোকে অনুরোধ জানিয়েছি, যাতে খাবারের দাম গ্রাহকদের নাগালের মধ্যে রাখা হয়, সহনীয় থাকে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না