চোখ বাঁধা অবস্থায় পড়েছিলেন ছাত্রদল নেতা জাসাম
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে হাত-চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। আজ শনিবার সকালে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন হয়।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, গত বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে বাসায় যাওয়ার পথে গুলশান থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে কাকরাইল মোড় থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে রাজধানীর ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। আমরা অবিলম্বে আটক ছাত্রদলের সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানাই।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, ঈদুল ফিতরের পর অল্প কয়েক দিনের ব্যবধানে কোনো কারণ ছাড়াই কয়েকবার কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের চেষ্টা ছাত্রসমাজকে খুবই মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। আমরা ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকার কোনো দিনই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে ছিল না। তাদের রাজনৈতিক শিষ্টাচারহীনতার বহু উদাহরণ এ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ছাত্রদল সভাপতিকে বিনা কারণে বারবার গ্রেপ্তারে ও হয়রানির অপচেষ্টা।
তিনি আরও বলেন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় সাত-আটজন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের প্যান্টের বেল্ট ধরে টানাহেঁচড়া করে তাকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। তাদের সঙ্গে দুই গাড়ি পুলিশও ছিল।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও তার সঙ্গে থাকা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ৪৫-৫০ নেতাকর্মীকে মারধর করে। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে থেকে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে সেখান থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে বেধড়ক মারধর করে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, দেশে যখন ছাত্রলীগের নেতৃত্বে মহাসমারোহে চলছে লুটপাট, হত্যা, গুম, খুন আর ধর্ষণ তখন প্রশাসন এসব অরাজকতাকে প্রতিরোধ না করে মদদ দিয়ে আরও উৎসাহিত করছে। ছাত্রলীগের অপকর্ম আর দেশজুড়ে চলমান অরাজকতাকে আড়াল করতেই সরকার পরিকল্পিতভাবে ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে।











