‘তাৎক্ষণিক উত্তেজনা থেকে হামলা’
নিজস্ব ও আদালত প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হত্যার ঘটনায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, একই বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের পলাশ মিয়া ও মাহমুদ ইরফান, বাংলা বিভাগের ফয়সাল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের জুনায়েদ বুগদাদী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, উত্তেজনাবশত তারা নাহিদের ওপর হামলা চালান। নাহিদকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালাননি। আর এ ঘটনা পরিকল্পিত ছিল না বলেও পুলিশের কাছে দাবি করেছেন ৫ ছাত্র।
নাহিদ হত্যাকাণ্ডের কিছু ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হামলাকারী হিসেবে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর নাম আলোচনায় আসে। তারা হলেন- আব্দুল কাইয়ুম ও ইমন বাশার। এই দুজনের মধ্যে আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে ইমনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদের মৃত্যুর পরেই ইমন বাশার, কাইয়ুমসহ জড়িত অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাদের ধারণা ছিল- ঢাকা কলেজের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করবে না। কিন্তু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হলে তারা নিজেদের ফেসবুক ডিঅ্যাকটিভ করে আত্মগোপনে চলে যান। তার আগে ঢাকা কলেজের সিনিয়রদের কাছ থেকে আনা ছোরা, চাপাতি ফেরত দিয়ে যান। গ্রেপ্তার কাইয়ুম ঢাকা কলেজের হল থেকে ওঠেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে। তার সঙ্গে ছিল মাহমুদ ইরফান। সেখানে তারা একজন বড় ভাইয়ের আশ্রয়ে ছিলেন। গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে কাইয়ুম ও পলাশ মিয়ার বাড়ি নেত্রকোনায়। ফয়সালের বাড়ি লক্ষ্মীপুরে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ওই পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানান। তাদের আদালতে হাজির করে প্রত্যেককে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
ডিবি জানায়, বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। তারা সংঘর্ষের সময় অস্ত্র হাতে হেলমেট পরে ফ্রন্টলাইনে ছিলেন। নাহিদকে ঘিরে ধরে হামলায় সরাসরি অংশ নেন এই পাঁচ শিক্ষার্থী।
একেএম হাফিজ আক্তার বলেন, প্রাথমিকভাবে এই হত্যাকা-কে পূর্বপরিকল্পিত মনে হয়নি। সংঘর্ষের সময় তাৎক্ষণিক উত্তেজনা থেকে এমনটি ঘটেছে। তবে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
মুরসালিন হত্যার বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা কোনো ফুটেজ বা প্রত্যক্ষ সাক্ষী পাইনি। যেহেতু মামলা চলছে, হয়তো এটি উদ্ঘাটন হতে আরেকটু সময় লাগবে।’
গত ১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। এর পর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন মারা গেছেন। তাদের একজন নাহিদ। এ ঘটনায় তার বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। নিহত আরেকজনের নাম মুরসালিন। তার ভাই বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেছেন। অন্যদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।











