লিঙ্গ সমতা নিশ্চিতে বৈশ্বিক কর্মসূচি নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ইন্দিরার
অনলাইন ডেস্ক : লিঙ্গ সমতা নিশ্চিত এবং নারীর প্রতি নেতিবাচক চিন্তাধারার মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে সচেতনতা তৈরিতে কমনওয়েলথ, বিশ্বনেতা, জাতিসংঘ ও উন্নত দেশগুলোকে সময়োপযোগী বৈশ্বিক কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে দ্য কমনওয়েলথ আয়োজিত ‘কমনওয়েলথ উইমেন’স অ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপ’-এর সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছে। মহামারি পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ৩১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। মহামারি চলাকালীন ৬ কোটি মানুষকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির করা হচ্ছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং কর্মক্ষেত্রে ৫০: ৫০ বা সমতা অর্জনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’
কমনওয়েলথ উইমেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল সভাপতি এবং কেনিয়ার পাবলিক সার্ভিস, যুব ও জেন্ডারবিষয়ক মন্ত্রী অধ্যাপক মার্গারেট কবিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমনওয়েলথের মহাপরিচালক প্যাট্রেসিয়া স্কটল্যান্ড কিউসিসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের নারী ও জেন্ডারবিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোভিড মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও অর্থনীতির ওপর ব্যাপক বিরূপ প্রভাবের সঙ্গে বৈষম্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী নারীরা চাকরি হারিয়েছেন ও তাদের আয় কমে গেছে, যার ফলে নারীরা বৈষম্য, সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে নারী ও অভিবাসী শ্রমিকেরা চাকরি হারিয়েছেন, যা পরিবারের জন্য বড় বোঝা।’
তিনি বলেন, বিশ্ব করোনা মহামারি কাটিয়ে উঠতে শুরু করেছে। এখন পারস্পরিক দৃঢ় বিশ্বাস, সহযোগিতা ও আস্থার মাধ্যমে নারী এবং কন্যাদের জন্য সমতার উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। নারীরা যেন ঘরে বসে কাজ করতে পারে, সে জন্য ই-কমার্স ও হোম বেজড কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের সেবা ও প্রণোদনা প্যাকেজ থেকে নারী উদ্যোক্তারা যাতে সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে।মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মুহিবুজ্জামান ও যুগ্ম সচিব নার্গিস খানম এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।











