রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেট-গাউসিয়ায় হয়রানির শিকার অসংখ্য নারী

news-image

আল-রাজী মাহমুদ অনিক
সোমবার রাত থেকে ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের দোকান কর্মচারীদের মধ্যে দফায় দফায় চলছে সংঘর্ষ। চলতি এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে নিউমার্কেট দোকান কর্মচারীদের দ্বারা হয়রানির শিকার নারীরা তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।

মারজিয়া নায়েম নামে সিটি কলেজের এক সাবেক ছাত্রী তার ওয়ালে লেখেন, নিউমার্কেট, চাঁদনী চক, হকারস মার্কেটের ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ টিজ আর হয়রানির শিকার আমরা মেয়েরা হই তা বলে প্রকাশ করা যাবে না। দোকানের কর্মচারীরা কাপড় কিনতে গেলে অনেক সময় ডাবল মিনিংয়ের যৌন হয়রানিমূলক কথা বলে। বুঝেও না বুঝার ভান করে মাথা নিচু করে বেরিয়ে আসি।

জান্নাত দোলনা নামের এক ফেসবুক ইউজার তার ওয়ালে লিখেছে, একবার নিউমার্কেটে প্যান্ট কিনতে গিয়ে হয়রানির শিকার হন তিনি। দোকানদারের কাছে প্যান্ট চাইলে দোকানদার বলে, আপা প্যান্ট না প্যান্টি জোরে কন!

এ ঘটনায় লজ্জায় অসহায় অবস্থায় মার্কেট থেকে বের হয়ে আসেন দোলনা।

মাহমুদুল ইকবাল খান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার ওয়ালে লেখেন, নিউমার্কেট ও হকারস মার্কেটের ব্যবসায়ী কর্মচারীদের অশোভন আচরণের শিকার হয়নি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। সাথে বোন বা বন্ধু কেউ থাকলে ওদের ইঙ্গিতপূরণ আচরণে মাথাটা নিচু করে বের হয়ে আসতে হয়। ঢাকা কলেজের শিরদাঁড়া আছে, ওরা প্রতিবাদ করে। ওদের পাশে আছি।

ছাত্রদের উপর হকার-কর্মচারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেসবুকে ফেটে পড়েছে নেটিজেনরা। হামলাকারী ও ছাত্রদের উপর পুলিশের রাবার বুলেট ছোঁড়ার তীব্র নিন্দা জানিয়েছে তারা। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাত্রদের পক্ষে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সাথে নিউমার্কেট কে কেনাকাটার জন্য বয়কট করারও ডাক দিয়েছে কেউ কেউ।