পারকিনসন্স রোগের চিকিৎসা
অধ্যাপক ডা. হারাধন দেব নাথ
পারকিনসন্স মস্তিষ্কের জটিল রোগ। সাধারণত ৫০ বছরের বেশি বয়সী মানুষ এ রোগে ভুগে থাকেন। এ রোগের সঠিক কারণ জানা যায় না। তবে ধারণা করা হয়, মানুষের জেনেটিক মিউটেশন বা জিনের পরিবর্তন এ জন্য দায়ী। কিছু ওষুধ, যেমন- ডোপামিন রিসেপ্টর ব্লকার, বমির ওষুধ, মানিসিক রোগের ওষুধ, সোডিয়াম ভেলপ্রোয়েট পারকিনন্সস রোগের কারণ হতে পারে।
লক্ষণ : রোগের প্রাথমিক পর্যায়ে সুনির্দিষ্ট লক্ষণ থাকে না। মধ্যবয়সী কোনো রোগীর যদি হাত বা মাথায় কাঁপুনি হয়, তাহলে ধারণা করা যেতে পারে, তিনি পারকিনসন্স ডিজিজে আক্রান্ত। হাতের কাঁপুনি অন্যান্য রোগেও হতে পারে। যেমন- দুশ্চিন্তা, শরীরে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি ইত্যাদি। বৃদ্ধ বয়স বা সেনাইল ট্রেমার এবং মোটাবলিক কারণেও কাঁপুনি হতে পারে। রোগ নির্ণয়ে স্পেক্ট বা পেট টেস্ট করা যেতে পারে। সাধারণত ডোপামিন নামে নিউরোট্রান্সমিটারের অভাবে এ রোগ হয়।
চিকিৎসা : সেলেগেলিন ও রিসেলেগেলিন নামক ওষুধ ডোপামিন অতিরিক্তি ভাঙা থেকে রক্ষা করে। ফলে ব্রেইনে ডোপামিনের পরিমাণ নরমাল থাকে। বেশি জটিলতা হলে এপোমরফিন ইনজেকশন দেওয়া যায়। কন্টিনিওয়াজ ডোপামিন ইনফিউশন দেওয়া যায়। অতিরিক্ত লক্ষণ, যেমন- বমি হলে ডমপেরিডন দেওয়া হয়। ব্লাড প্রেসার কমে গেলে প্রেসার বাড়াতে মিনারেলোকর্টিকয়েড দিতে হবে। রোগীর রাতে ব্যথা বেড়ে গেলে কন্ট্রোলড রিলিজড ডোপামিন দিতে হব। যদি রোগীর স্মৃতিভ্রম হয়, তাহলে রিভাস্টিগমিন, কিউটাপাইন, ক্লোজাপাইন ইত্যাদি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়।
নিউরো সার্জিক্যাল চিকিৎসা : রোগটি কোনো ওষুধে নিয়ন্ত্রণ করা না গেলে এবং সর্বোচ্চ ওষুধের ডোজে যদি নিয়ন্ত্রিত না হয়, তবে নিউরো সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। সেক্ষেত্রে ডিপ ব্রেইন স্টিমুলেশন নামে এক ধরনের অপারেশন করা হয়। এ অপারেশনে রোগীর বুকের চামড়ার নিচে একধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস লাগানো হয়। পরে সেই ডিভাইসের সঙ্গে ইলেকট্রিক্যাল তারের সংযুক্তির মাধ্যমে মাথার খুলি ছিদ্র করে ব্রেইনের ভেতরে তারের অন্য মাথা ঢোকানো হয়। লিসনেকটমি নামে অন্য আরেকটি অপারেশন করা যায়। এ অপারেশনগুলো ব্যয়বহুল। অপরেশনের পর রোগী অনেক ভালো থাকে।
আধুনিক চিকিৎসা : ইঞ্জেকশন নিতে যারা ভয় পান, তাদের সুই ব্যবহার না করেই এখন ইঞ্জেকশন দেওয়া সম্ভব। শরীরে ওষুধ প্রবেশ করানোর এরকম একটি কম্পিউটারাইজড পদ্ধতি উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রযুক্তি সংক্রান্ত পুরস্কার জিতে নিয়েছে একটি প্রতিষ্ঠান। পোর্টাল ইনস্ট্রুমেন্টস নামে একটি কোম্পানি এ যন্ত্র উদ্ভাবন করেছে। কোম্পানির প্রধান নির্বাহী প্যাট্রিক অ্যাঙ্কুয়েটিল বলেছেন, যন্ত্রটির ভেতরে প্রথমে ওষুধ ঢুকিয়ে দেওয়া হয়। তারপর শরীরের যেখানে ইঞ্জেকশন দিতে হবে, সেখানে যন্ত্রটি উপুড় করে ধরা হয়। তখন ওটি থেকে ওষুধ প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে। ওষুধ যে ধারায় ত্বকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে, সেটি চুলের চেয়েও সরু- বলেন তিনি। প্রায় তিনশ মানুষের ওপর এ পরীক্ষা চালানো হয়। বিজ্ঞানীরা বলছেন, খুব সরু ধারায় এ ওষুধ প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে এবং এটা হয় এক সেকেন্ডেরও কম সময়ে। কর্মকর্তারা বলছেন, প্রচলিত সুই থেকে ইঞ্জেকশন দেওয়ার এ যন্ত্রটি হবে আরও অনেক উপকারী। প্রতিষ্ঠানটির প্রধান বলেন, সুইয়ের চেয়ে এ যন্ত্রটি আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। অনেক সময় ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে মধুর মতো চটচটে ও আঠালো ওষুধ দিতে হয়। তিনি বলেন, সুই দিয়ে এ ধরনের আঠালো ওষুধ দেওয়া অনেক ঝামেলার। আঙুলের সাহায্যে অনেক শক্তি দিয়ে ওষুধ ইনজেক্ট করতে হয় শরীরে। কিন্তু এ যন্ত্রটি নানা ধরনের অপশন আছে। পোর্টাল ইনস্ট্রুমেন্টস বলছে, আগামী দুবছরের মধ্যে যন্ত্রটি বাজারে ছাড়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।
লেখক : অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
শাহবাগ, ঢাকা। ০১৭১১৩৫৪১২০











