,

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী লাঞ্ছনায় ফের সেই শিক্ষক!

news-image

বরিশাল ব্যুরো : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদারের বিরুদ্ধে এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্র এবিএম মুশফিকুর রহমান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।

বিনা কারণে সহপাঠী ও ছোট ভাইদের সামনে হয়রানির ঘটনায় উপাচার্যের কাছে আজ মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন মুশফিকুর রহমান। তবে বিষয়টি ভুল বোঝাবুঝি দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, এমন ঘটনা সমাধানযোগ্য এবং সেই দিকেই যাচ্ছে।

ভুক্তভোগী মুশফিকুর রহমান বলেন, ‘একাডেমিক ভবনের চারতলা থেকে নিচতলা যাওয়ার পথে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে আমার দেখা হয়। তাদের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে একজন ব্যক্তি আমাকে ডাক দেন। কিন্তু আমি তা শুনতে পাইনি। পরবর্তীতে ওই ব্যক্তি আমাকে বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া ওই ব্যক্তি অর্থাৎ সুপ্রভাত হালদার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক তা জানা ছিল না।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আমি চলে যাওয়ার সময় সুপ্রভাত হালদার আমার সামনে এসে শার্টের কলার ধরে টানাহেঁচড়া শুরু করেন। তখনো আমি তার পরিচয় জানতে পারিনি। হঠাৎ এসে শার্টের কলার ধরার কারণ জানতে চাই। কিন্তু তিনি (সুপ্রভাত হালদার) কিছু না বলে আমার শার্টের কলার ধরে টানতে টানতে তার কক্ষে নিয়ে যান। এরপর আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে আমার শার্ট ছিঁড়ে যায়। অকথ্য ভাষায় তিনি গালাগাল করেন। তিনি আমার শিক্ষাজীবন ধ্বংসসহ ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।’

মুশফিকুর রহমান বলেন, ‘শার্টের কলার ধরে টেনে নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী এই ঘটনা দেখেছেন। এর মধ্যে থেকে তিনজনকে আমার লিখিত অভিযোগে সাক্ষী করা হয়েছে। সহকারী প্রক্টর সুপ্রভাত হালদারের হুমকির কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। জানতে পেরেছি বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এ ঘটনার পর তিনি আমার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার বলেন, ‘অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কাছে কিছু জানতে চাইলে তাদেরকেই এর জবাব দেব।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর খোরশেদ আলম বলেন, ‘এ ধরনের অভিযোগ শোনার পর ওই ছাত্রের সঙ্গে আমার কথা হয়েছে। পাশাপাশি সহকারী প্রক্টর সুপ্রভাত হালদারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। তবে ছাত্রের অভিযোগের সঙ্গে ঘটনার বিস্তর ফারাক পাওয়া গেছে। সুপ্রভাত হালদার আমাকে বলেছেন, দুপুরে তিনি ক্লাস নেওয়ার সময় অন্য বিভাগের কয়েকজন ছাত্র বাইরে দাড়িয়ে হইচই করছিলেন। এতে তার ক্লাস নিতে সমস্যা হচ্ছিল। এ কারণে বাইরে এসে ছাত্রদের নিষেধ করেন এবং মুশফিকুর রহমান নামের ওই ছাত্রকে তিনি (সুপ্রভাত হালদার) ডাক দেন। তবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রের কাছে গিয়ে শার্ট ধরেন। বিষয়টি ভুল বোঝাবুঝি বা ওই ছাত্র শিক্ষককে চিনতে না পারার কারণে ঘটেছে। বিষয়টি সমাধানের পথে।’

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি ক্রীড়া অনুষ্ঠানে একদল শিক্ষার্থীকে দিয়ে অন্য একদল শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে সহকারী প্রক্টর সুপ্রভাব হালদারের বিরুদ্ধে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য